Library · bn

2 Samuel 1

1:1 তালুতের মৃত্যুর পর দাউদ আমালেকীয়দের হারিয়ে দিয়ে সিক্লগে ফিরে আসলেন এবং সেখানে দু’দিন রইলেন। 1:2 তৃতীয় দিনে তালুতের সৈন্য-ছাউনি থেকে একজন লোক দাউদের কাছে আসল। শোকের চিহ্ন হিসাবে তার গায়ের কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং মাথায় ধুলা ছিল। সে দাউদের কাছে গিয়ে মাটিতে পড়ে তাঁকে সালাম জানাল। 1:3 দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি বনি-ইসরাইলদের ছাউনি থেকে পালিয়ে এসেছি।” 1:4 দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? আমাকে বল।” সে বলল, “লোকেরা যুদ্ধের জায়গা থেকে পালিয়ে গেছে। অনেকে মারা গেছে আর তালুত ও তাঁর ছেলে যোনাথনও মারা গেছেন।” 1:5 যে যুবকটি এই খবর এনেছিল দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি করে জানলে যে, তালুত ও তাঁর ছেলে যোনাথন মারা গেছেন?” 1:6 যুবকটি তাঁকে বলল, “আমি সেই সময় গিলবোয় পাহাড়ে ছিলাম আর তালুত তখন তাঁর বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রথ এবং ঘোড়সওয়ারেরা প্রায় তাঁর উপর এসে পড়েছিল। 1:7 তিনি পিছন ফিরে আমাকে দেখতে পেয়ে ডাক দিলেন। আমি বললাম, ‘এই তো আমি।’ 1:8 তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কে?’ জবাবে আমি বললাম, ‘আমি একজন আমালেকীয়।’ 1:9 তিনি আমাকে বললেন, ‘দয়া করে আমার কাছে এসে আমাকে মেরে ফেল, কারণ আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি এখনও বেঁচে আছি।’ 1:10 কাজেই আমি তাঁর কাছে গিয়ে তাঁকে মেরে ফেললাম। আমি বুঝতে পারলাম যে, তাঁর যে অবস্থা তাতে তিনি আর বাঁচবেন না। আমি তাঁর মাথার তাজ ও তাঁর হাতের বাজু খুলে এখানে আমার প্রভু আপনার কাছে নিয়ে আসলাম।” 1:11 এই কথা শুনে দাউদ ও তাঁর সংগের লোকেরা নিজেদের কাপড় ছিঁড়লেন। 1:12 তালুত ও তাঁর ছেলে যোনাথন এবং মাবুদের সৈন্যদলের যে সমস্ত ইসরাইলীয় যুদ্ধে মারা গেছেন তাঁদের জন্য তাঁরা সন্ধ্যা পর্যন্ত কাঁদতে ও শোক করতে লাগলেন এবং কিছুই খেলেন না। 1:13 যে যুবকটি এই খবর এনেছিল দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথাকার লোক?” জবাবে সে বলল, “আমি এই দেশে বাসকারী একজন বিদেশী লোকের ছেলে, একজন আমালেকীয়।” 1:14 দাউদ তাকে বললেন, “মাবুদের অভিষেক-করা বান্দাকে মেরে ফেলবার জন্য হাত তুলতে তোমার কি একটুও ভয় হল না?” 1:15 দাউদ তাঁর একজন লোককে ডেকে বললেন, “তুমি কাছে গিয়ে ওকে হত্যা করে ফেল।” এতে সে তাকে হত্যা করে ফেলল। 1:16 দাউদ সেই যুবকটিকে বলেছিলেন, “তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী, কারণ তোমার মুখের কথাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে যে, মাবুদের অভিষেক-করা বান্দাকে তুমি মেরে ফেলেছ।” 1:17 তালুত ও তাঁর ছেলে যোনাথনের জন্য দাউদ তখন এই বিলাপের গজলটি গাইতে লাগলেন। 1:18 তিনি হুকুম দিলেন যেন ধনুক নামে এই বিলাপের গজলটি এহুদা-গোষ্ঠীর লোকদের শিখানো হয়। এই গজল যাশের নামে একটা বইয়ে লেখা রয়েছে। 1:19 “হে ইসরাইল, যাঁরা তোমার গৌরব তাঁরা তোমার ঐ উঁচু জায়গায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন! 1:20 তোমরা গাতে এই খবর দিয়ো না, আর অস্কিলোনের পথে পথে ঘোষণা কোরো না; তা করলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে, ঐ খৎনা-না-করানো লোকদের মেয়েরা আমোদ করবে। 1:21 ওহে গিলবোয়ের পাহাড়শ্রেণী, তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক, তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতও না থাকুক; কারণ ওখানেই তো বীরদের ঢাল অসম্মানিত হয়েছে, তালুতের ঢালে আর তেল মাখানো হচ্ছে না। 1:22 নিহত লোকদের রক্ত আর বীরদের গোশ্‌ত না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না; তৃপ্ত না হয়ে তালুতের তলোয়ার ফিরে আসত না। 1:23 বেঁচে থাকা কালে তালুত আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন; তাঁরা মরণেও আলাদা হলেন না। তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী, আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক। 1:24 হে ইসরাইলের মেয়েরা, তালুতের জন্য কাঁদ। তিনি তোমাদের দামী লাল কাপড় পরিয়েছেন, তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছেন। 1:25 হায়, সেই বীরেরা যুদ্ধের মধ্যে কিভাবে ধ্বংস হয়ে গেলেন! ঐ উঁচু জায়গায় যোনাথন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। 1:26 হায় যোনাথন, আমার ভাই! তোমার জন্য আমার বড় দুঃখ। আমার কাছে তুমি কত প্রিয়; আমার জন্য তোমার ভালবাসা ছিল মেয়েদের প্রতি ভালবাসার চেয়েও চমৎকার। 1:27 হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন, আর নষ্ট হয়ে গেল তাঁদের যুদ্ধের অস্ত্রশস্ত্র!”