Library · bn

1 Chronicles 15

15:1 দাউদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দাউদ আল্লাহ্‌র সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন। 15:2 তারপর তিনি বললেন, “আল্লাহ্‌র সিন্দুক লেবীয়রা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ মাবুদের সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর এবাদত-কাজ করবার জন্য মাবুদ তাদেরই বেছে নিয়েছেন।” 15:3 মাবুদের সিন্দুকের জন্য দাউদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত বনি-ইসরাইলদের এক জায়গায় জমায়েত করলেন। 15:4 তিনি হারুনের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জমায়েত করলেন তাঁরা হলেন: 15:5 কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং আরও একশো বিশজন লোক; 15:6 মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং আরও দু’শো বিশজন লোক; 15:7 গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং আরও একশো ত্রিশজন লোক; 15:8 ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং আরও দু’শো জন লোক; 15:9 হেবরনের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং আরও আশিজন লোক; 15:10 উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং আরও একশো বারোজন লোক। 15:11 তারপর দাউদ ইমাম সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন। 15:12 তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়রা নিজেদের পবিত্র করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সিন্দুকটি এনে রাখতে পারেন। 15:13 প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের মাবুদ আল্লাহ্‌ রাগে জ্বলে উঠেছিলেন। তাঁর হুকুম অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।” 15:14 এতে ইমামেরা ও লেবীয়রা নিজেদের পবিত্র করে নিলেন যাতে তাঁরা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সিন্দুকটি নিয়ে আসতে পারেন। 15:15 মাবুদের নির্দেশ মত মূসার হুকুম অনুসারে লেবীয়রা আল্লাহ্‌র সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন। 15:16 দাউদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের কাওয়ালী গাইবার জন্য তাঁদের কাওয়াল ভাইদের নিযুক্ত করেন। 15:17 কাজেই লেবীয়রা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী-ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন। 15:18 তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর ইমামদের। তারা হল জাকারিয়া, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার। 15:19 ব্রোঞ্জের করতাল বাজাবার ভার পড়ল কাওয়াল হেমন, আসফ ও এথনের উপর। 15:20 উঁচু সুরে বীণা বাজাবার ভার পড়ল জাকারিয়া, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর। 15:21 নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর। 15:22 কাওয়ালী পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি কাওয়ালীর ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল। 15:23 সিন্দুকটি পাহারা দেবার ভার পড়ল বেরিখিয়, ইল্‌কানা, ওবেদ-ইদোম ও যিহিয়ের উপর। আল্লাহ্‌র সিন্দুকের সামনে শিংগা বাজাবার ভার পড়ল ইমাম শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, জাকারিয়া, বনায় ও ইলীয়েষরের উপর। 15:25 এর পরে দাউদ, ইসরাইলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে মাবুদের সেই সাক্ষ্য-সিন্দুকটি আনবার জন্য গেলেন। 15:26 যে লেবীয়রা মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বয়ে আনছিল আল্লাহ্‌ তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া কোরবানী দেওয়া হল। 15:27 সিন্দুক বহনকারী লেবীয়রা, কাওয়ালেরা এবং কাওয়ালীর দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দাউদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন। 15:28 এইভাবে সমস্ত বনি-ইসরাইলরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি জেরুজালেমে নিয়ে আসল। 15:29 মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি দাউদ-শহরে ঢুকবার সময় তালুতের মেয়ে মীখল জানালা দিয়ে তা দেখলেন। বাদশাহ্‌ দাউদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দাউদকে তুচ্ছ করলেন।