Job 19
19:1 তখন জবাবে আইয়ুব বললেন,
19:2 “তোমরা আর কতক্ষণ আমার মনে কষ্ট দেবে আর কথার আঘাতে আমাকে চুরমার করবে?
19:3 তোমরা অনেকবার আমাকে অপমান করেছ; লজ্জাহীনভাবে তোমরা আমার সংগে নিষ্ঠুর ব্যবহার করেছ।
19:4 যদি সত্যিই আমি বিপথে গিয়ে থাকি, তবে তার ফল তো আমার একারই পাওনা।
19:5 যদি সত্যিই তোমরা আমার উপরে নিজেদের উঁচু করতে চাও, আমার এই নীচু অবস্থা নিয়ে আমার দোষ প্রমাণ করতে চাও,
19:6 তাহলে জেনো যে, আল্লাহ্ আমার প্রতি অন্যায় করেছেন; নিজের জালে তিনিই আমাকে ঘিরেছেন।
19:7 “আমার প্রতি অন্যায় করা হয়েছে বলে চিৎকার করলেও আমি কোন জবাব পাই না; কান্নাকাটি করলেও কোন বিচার পাই না।
19:8 তিনি আমার পথে বেড়া দিয়েছেন বলে আমি পার হতে পারছি না; আমার সব পথ তিনি অন্ধকারে ঢেকে দিয়েছেন।
19:9 তিনি আমার সম্মান তুলে নিয়েছেন, মাথার উপর থেকে তাজ সরিয়ে দিয়েছেন।
19:10 তিনি সব দিক থেকে আমাকে আঘাত করেছেন যে পর্যন্ত না আমি শেষ হয়ে যাই; গাছের মত করে তিনি আমার আশা উপ্ড়ে ফেলেছেন।
19:11 আমার বিরুদ্ধে তাঁর রাগ জ্বলছে; তাঁর শত্রুদের একজন বলে তিনি আমাকে মনে করেন।
19:12 তাঁর সৈন্যেরা দল বেঁধে এগিয়ে আসছে; আক্রমণের জন্য তারা আমার বিরুদ্ধে দেয়াল পার হবার রাস্তা তৈরী করেছে, আমার তাম্বুর চারপাশে ঘেরাও করেছে।
19:13 “তিনি আমার কাছ থেকে আমার ভাইদের আলাদা করে দিয়েছেন; আমার চেনা লোকেরা অচেনার মত ব্যবহার করে।
19:14 আমার আত্মীয়রা চলে গেছে; আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে।
19:15 আমার মেহমান ও বান্দীরা আমাকে যেন চেনেই না; তারা আমাকে বিদেশী হিসাবে দেখে।
19:16 আমার গোলামকে ডাকলে সে সাড়া দেয় না, নিজের মুখে মিনতি করলেও জবাব দেয় না।
19:17 আমার স্ত্রী আমার নিঃশ্বাস ঘৃণা করে; আমার নিজের ভাইয়েরাও আমাকে জঘন্য মনে করে।
19:18 এমন কি, ছোট ছেলেমেয়েরাও আমাকে ঘৃণা করে; আমি উঠে দাঁড়ালেই তারা আমাকে ঠাট্টা-তামাশা করে।
19:19 আমার সব ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে ঘৃণা করে; আমি যাদের ভালবাসি তারা আমার বিরুদ্ধে উঠেছে।
19:20 আমি এখন হাড়-চামড়া ছাড়া আর কিছু নই, কেবল প্রাণে বেঁচে আছি।
19:21 হে আমার বন্ধুরা, আমার ব্যথার ব্যথী হও, কারণ আল্লাহ্র হাত আমাকে আঘাত করেছে।
19:22 আল্লাহ্র মত করে কেন তোমরা আমার পিছনে তাড়া করছ? তোমরা কি আমাকে কষ্ট দেওয়া থামাবে না?
19:23 “হায়, আমার সব কথা যদি লেখা হত! সেগুলো যদি কিতাবের পাতায় থাকত!
19:24 যদি পাথরের ফলকে লোহার যন্ত্র ও সীসা দিয়ে চিরকালের জন্য তা খোদাই করা থাকত!
19:25 আমি জানি আমার মুক্তিদাতা জীবিত আছেন; শেষে তিনি দুনিয়ার উপরে এসে দাঁড়াবেন।
19:26 আমার চামড়া ধ্বংস হয়ে যাবার পরেও আমি জীবিত অবস্থায় আল্লাহ্কে দেখতে পাব।
19:27 আমি নিজেই তাঁকে দেখব; অন্যে নয়, কিন্তু আমি আমার নিজের চোখেই তাঁকে দেখব। আমার অন্তর আকুলভাবে তা চাইছে।
19:28 যদি তোমরা বল, ‘কষ্টের গোড়া তার মধ্যে রয়েছে বলে আমরা তাকে কষ্ট দিচ্ছি,’
19:29 তবে তলোয়ারের ভয় তোমাদের থাকা উচিত, কারণ আল্লাহ্র রাগ তলোয়ারের মধ্য দিয়ে শাস্তি নিয়ে আসে; আর এইভাবেই তোমরা জানতে পারবে যে, বিচার আছে।”