Job 22
22:1 তখন তৈমনীয় ইলীফস জবাবে বললেন,
22:2 “মানুষ কি আল্লাহ্র উপকার করতে পারে? এমন কি, জ্ঞানী লোক তা করতে পারে?
22:3 তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন? তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?
22:4 আল্লাহ্-ভয়ের জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন? সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?
22:5 তোমার খারাপী কি অনেক নয়? তোমার গুনাহেরও তো সীমা নেই।
22:6 তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে; তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।
22:7 তুমি ক্লান্তদের পানি খেতে দিতে না; ক্ষুধার্তদের খাবার দিতে না।
22:8 কেবল শক্তিশালী লোকদেরই জমাজমি আছে, কেবল সম্মানিত লোকেরাই সেখানে বাস করে;
22:9 তবুও তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতে আর এতিমদের অধিকার কেড়ে নিতে।
22:10 সেজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা রয়েছে, হঠাৎ বিপদ এসে তোমাকে ভয় দেখাচ্ছে,
22:11 এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না, আর বন্যার পানি তোমাকে ঢেকে ফেলেছে।
22:12 “বেহেশতের উঁচু জায়গায় কি আল্লাহ্ থাকেন না? দেখ, তারাগুলো কত উঁচুতে আছে!
22:13 তবুও তুমি বলছ, ‘আল্লাহ্ কি জানেন? এই অন্ধকারের মধ্যে আল্লাহ্ কি করে বিচার করবেন?
22:14 ঘন মেঘ তাঁকে আড়াল করে রেখেছে, সেইজন্য তিনি দেখতে পান না; আসমানের উপরে তিনি ঘুরে বেড়ান।’
22:15 অন্যায়কারীরা যে পথে চলেছে তুমি কি সেই পুরানো পথেই চলবে?
22:16 অসময়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে; বন্যায় তাদের ভিত্তি ধুয়ে নিয়ে গেছে।
22:17 যদিও ভাল ভাল জিনিস দিয়ে তিনিই তাদের বাড়ী পূর্ণ করেছেন, তবুও তারা আল্লাহ্কে বলেছিল, ‘তুমি দূর হও। সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে?’ কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।
22:19 তাদের ধ্বংস দেখে সৎ লোকেরা আনন্দ করে; নির্দোষ লোকেরা তাদের ঠাট্টা করে বলে,
22:20 ‘আমাদের শত্রুরা সত্যিই ধ্বংস হয়ে গেছে, তাদের ধন-সম্পদ আগুনে গ্রাস করেছে।’
22:21 “তুমি আল্লাহ্র কথায় রাজী হও, তাঁর বিরুদ্ধে শত্রুভাব রেখো না; তাহলে তোমার ভাল হবে।
22:22 তাঁর মুখ থেকে উপদেশ গ্রহণ কর, আর তাঁর কালাম তোমার দিলে রাখ।
22:23 যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে যাও, তবে তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। যদি তোমার তাম্বু থেকে দুষ্টতা দূর কর,
22:24 তোমার সোনার টুকরাগুলো ধুলায় ফেলে দাও, আর তোমার ওফীরের সোনা খাদের পাথরগুলোর মধ্যে ফেলে দাও,
22:25 তাহলে সর্বশক্তিমানই তোমার সোনা হবেন, তিনিই হবেন তোমার সবচেয়ে ভাল রূপা।
22:26 তখন সত্যিই তুমি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ করবে আর তোমার মুখ আল্লাহ্র দিকে তুলবে।
22:27 তুমি তাঁর কাছে মুনাজাত করলে তিনি তা শুনবেন, আর তুমি তোমার সব মানত পূরণ করবে।
22:28 তুমি যা মনে স্থির করবে তা তোমার জন্য করা হবে, আর তোমার পথের উপর আলো পড়বে।
22:29 যখন তোমাকে নত করা হবে তখন তুমি বলবে, ‘আমার অহংকারের জন্যই তা হয়েছে’ তোমার নম্রতার জন্যই আল্লাহ্ তোমাকে উদ্ধার করবেন।
22:30 এছাড়া তিনি অন্যান্য দোষী লোককেও উদ্ধার করবেন; তোমার হাত পাক-সাফ বলে তারা উদ্ধার পাবে।”