Library · bn

Job 41

41:1 “তুমি কি বড়শীতে গেঁথে লিবিয়াথনকে টেনে আনতে পার, কিংবা দড়ি দিয়ে তার জিভ্‌ বাঁধতে পার? 41:2 তুমি কি তার নাকের মধ্য দিয়ে নলের দড়ি পরাতে পার, কিংবা বড়শী দিয়ে তার চোয়াল ছেঁদা করতে পার? 41:3 সে কি তোমার দয়া চাইবে? সে কি তোমার সংগে নরম কথা বলবে? 41:4 চিরজীবন তাকে তোমার গোলাম করে রাখার জন্য সে কি তোমার সংগে কোন চুক্তি করবে? 41:5 পাখীর সংগে যেমন খেলা করে তেমনি কি তুমি তার সংগে খেলা করবে কিংবা তোমার মেয়েদের খেলার জন্য তাঁকে বেঁধে রাখতে পারবে? 41:6 জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে? ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে? 41:7 তুমি কি তার চামড়া কোঁচ দিয়ে কিংবা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার? 41:8 তুমি যদি তাকে ধরতে যাও তবে যে যুদ্ধ হবে তা তুমি কখনও ভুলবে না; তুমি আর কখনও তা করতে যাবে না। 41:9 তাকে দমন করবার সব আশাই মিথ্যা; তাকে দেখামাত্রই লোকে সাহস হারায়। 41:10 তাকে জাগাতে পারে এমন সাহসী কেউ নেই; তাহলে আমার সামনে কে দাঁড়াতে পারে? 41:11 আমার বিরুদ্ধে কার দাবি আছে যে, তার দাবি আমাকে মানতে হবে? আকাশের নীচে যা কিছু আছে সবই তো আমার। 41:12 “লিবিয়াথনের শরীরের অংশগুলোর কথা আমি বলব, তার শক্তি ও তার শরীরের গঠনের কথা বলব। 41:13 তার গায়ের চামড়া কে খুলতে পারে? কে তার বর্ম বিঁধতে পারে? 41:14 তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজা কে খুলতে সাহস করবে? 41:15 তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত; সেগুলো শক্তভাবে একসংগে আট্‌কানো 41:16 আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে, তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না। 41:17 সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে; সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না। 41:18 তার হাঁচিতে আলো ছুটে বের হয়; তার চোখ দু’টা ভোরের চক্‌চকে আলোর মত। 41:19 তার মুখ থেকে আগুনের শিখা বের হয়ে আসে; তা থেকে আগুনের ফুল্‌কি ছুটে বের হয়। 41:20 নল-খাগড়ার আগুনে গরম পাত্র থেকে যেমন ধোঁয়া বের হয় তেমনি ধোঁয়া বের হয় তার নাক থেকে। 41:21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে আর মুখ থেকে আগুনের শিখা বের হয়। 41:22 তার ঘাড়ে শক্তি থাকে; ভীষণ ভয় তার আগে আগে চলে। 41:23 তার মাংসপেশীগুলো শক্তভাবে যুক্ত; সেগুলো শক্তভাবে থাকে, নড়ে না। 41:24 তার বুক পাথরের মত শক্ত, তা জাঁতার নীচের অংশের মত শক্ত। 41:25 সে উঠলে শক্তিশালীরা ভয় পায়; তারা ভয়ে পিছিয়ে যায়। 41:26 তলোয়ার দিয়ে তাকে আঘাত করলেও তার কিছু হয় না; বর্শা, বল্লম বা ছোট তীর ছুঁড়লেও কিছু হয় না। 41:27 সে লোহাকে খড় মনে করে আর ব্রোঞ্জকে মনে করে পচা কাঠের মত। 41:28 কোন তীর তাকে তাড়িয়ে দিতে পারে না; ফিংগার পাথর তার কাছে যেন তুষ। 41:29 গদা তার কাছে এক টুকরা খড়ের মত; বল্লমের শব্দে সে হাসে। 41:30 তার নীচের দিকটা ভাংগা মাটির পাত্রের ধারালো টুকরার মত; সেইজন্য শস্য মাড়াবার যন্ত্রের মত তা কাদার উপর দাগ রেখে যায়। 41:31 পাত্রের ফুটন্ত পানির মত সে সাগরকে তোলপাড় করে আর সমুদ্রকে ঘেঁটে মলমের মত করে। 41:32 একটা চক্‌চকে দাগ সে তার পিছনে রেখে যায়; তা দেখতে পাকা চুলের মত মনে হয়। 41:33 দুনিয়ার কোন কিছুই তার সমান নয়; তাকে ভয়শূন্য করে সৃষ্টি করা হয়েছে। 41:34 গর্বিত সবাইকে সে নীচু চোখে দেখে; সে সমস্ত অহংকারীদের বাদশাহ্‌।”