Library · bn

Psalms 132

132:1 হে মাবুদ, তুমি দাউদের সমস্ত কষ্টের কথা মনে করে দেখ। 132:2 তিনি তো মাবুদের কাছে কসম খেয়েছিলেন, ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র কাছে এই ওয়াদা করেছিলেন, 132:3 “আমার ঘরে আমি ঢুকব না, কিংবা বিছানাতেও শোব না; 132:4 আমার চোখে ঘুম আসতে দেব না, চোখের পাতায় তন্দ্রা নামতে দেব না; 132:5 যতক্ষণ না মাবুদের জন্য একটা জায়গা খুঁজে পাই, ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র জন্য একটা বাসস্থান খুঁজে পাই।” 132:6 আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম, যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম; 132:7 চল, আমরা তাঁর বাসস্থানে যাই, তাঁর পা-দানিতে সেজদা করি। 132:8 হে মাবুদ, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস; তুমি এস, আর তোমার কুদরতের সিন্দুক আসুক। 132:9 তোমার ইমামেরা ন্যায়ের পোশাক পরুক, আর তোমার ভক্তেরা আনন্দে কাওয়ালী করুক। 132:10 তোমার গোলাম দাউদের দরুন তোমার অভিষিক্ত বান্দার মুনাজাত তুমি ফিরিয়ে দিয়ো না। 132:11 মাবুদ দাউদের কাছে এই নিশ্চিত কসম খেয়েছেন যা তিনি কখনও ভাঙ্গবেন না, “তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব। 132:12 তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করে আর আমার কালাম মেনে চলে যা আমি তাদের শিখাব, তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরে তোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।” 132:13 মাবুদ সিয়োনকে বেছে নিয়েছেন; তাঁর বাসস্থানের জন্য এটাই তিনি চেয়েছিলেন। 132:14 তিনি বলেছিলেন, “এটাই আমার চিরকালের বিশ্রামের স্থান; আমি এখানেই বাস করব, কারণ আমি তা-ই চেয়েছি। 132:15 আমি সিয়োনকে প্রচুর খাবার দিয়ে দোয়া করব; খাবার দিয়ে সেখানকার গরীব লোকদের তৃপ্ত করব। 132:16 আমি সিয়োনের ইমামদের উদ্ধারের পোশাক পরাব; সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে কাওয়ালী গাইবে। 132:17 আমি সেখানে দাউদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব; আমার অভিষিক্ত বান্দার জন্য আমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি। 132:18 আমি তার শত্রুদের লজ্জার পোশাক পরাব, কিন্তু তার মাথায় থাকবে উজ্জ্বল তাজ।”