Library · bn

Psalms 140

140:1 হে মাবুদ, দুষ্ট লোকদের হাত থেকে আমাকে উদ্ধার কর; জুলুমবাজদের হাত থেকে আমাকে রক্ষা কর। 140:2 তারা মনে মনে দুষ্ট ফন্দি আঁটে আর প্রতিদিন যুদ্ধ বাধায়। 140:3 তারা সাপের মত তাদের জিভ্‌ ধারালো করেছে; তাদের ঠোঁটের নীচে যেন সাপের বিষ আছে। [সেলা] 140:4 হে মাবুদ, দুষ্টদের হাত থেকে আমাকে রক্ষা কর। জুলুমবাজ লোকদের হাত থেকে আমাকে রক্ষা কর; আমার পা যেন পিছ্‌লে যায় সেজন্য তারা ফন্দি এঁটেছে। 140:5 অহংকারী লোকেরা আমার জন্য ফাঁদ ও দড়ি ঠিক করে রেখেছে; তারা পথের পাশে তাদের জাল বিছিয়ে রেখেছে আর আমার জন্য ফাঁদ পেতেছে। [সেলা] 140:6 হে মাবুদ, আমি তোমাকে বলেছি, “তুমিই আমার আল্লাহ্‌।” হে মাবুদ, আমার ফরিয়াদে তুমি কান দাও। 140:7 হে আল্লাহ্‌ মালিক, আমার শক্তিশালী উদ্ধারকর্তা, যুদ্ধের দিনে তুমিই আমার মাথা ঢেকে রাখ। 140:8 হে মাবুদ, দুষ্টদের মনের ইচ্ছা তুমি পূর্ণ হতে দিয়ো না; তাদের ষড়যন্ত্র সফল হতে দিয়ো না, যেন তারা অহংকারী হয়ে না ওঠে। [সেলা] 140:9 যারা আমাকে ঘিরে ধরেছে তাদের মুখ যে সব অন্যায় করেছে তা তাদেরই মাথার উপর এসে পড়ুক। 140:10 তাদের উপর জ্বলন্ত কয়লা পড়ুক; আগুনের মধ্যে, গভীর গর্তের মধ্যে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হোক; যেন তারা আর কখনও উঠে আসতে না পারে। 140:11 নিন্দুকেরা যেন দেশের মধ্যে অধিকার না পায়; জুলুমবাজদের পিছনে বিপদ অনবরত তাড়া করুক। 140:12 আমি জানি মাবুদ দুঃখীদের পক্ষে রায় দেবেন আর অভাবীদের জন্য ন্যায়বিচার করবেন। 140:13 সৎ লোকেরা অবশ্যই তোমার প্রশংসা করবে, আর যারা অন্তরে খাঁটি তারা তোমার সামনে বাস করবে।