Library · bn

Psalms 22

22:1 আল্লাহ্‌ আমার, আল্লাহ্‌ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? আমাকে রক্ষা না করে, আমার কান্না-ভরা মুনাজাত না শুনে, কেন তুমি দূরে সরে রয়েছ? 22:2 হে আমার আল্লাহ্‌, দিনের বেলায় আমি তোমাকে ডাকি, কিন্তু তুমি জবাব দাও না; রাতেও আমি চুপ করে থাকি না। 22:3 কিন্তু তুমি পবিত্র; বনি-ইসরাইলদের প্রশংসার সিংহাসনে তুমি বসে আছ। 22:4 তোমার উপরেই ভরসা করতেন আমার পূর্বপুরুষেরা; তাঁরা ভরসা করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে। 22:5 তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন; তোমার উপর ভরসা করে তাঁরা লজ্জায় পড়তেন না। 22:6 কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই; লোকে আমাকে টিট্‌কারি দেয় আর মানুষ আমাকে তুচ্ছ করে। 22:7 যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে। তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে, 22:8 “ও তো মাবুদের উপর ভরসা করে, তাহলে তিনিই ওকে রক্ষা করুন; তিনিই ওকে উদ্ধার করুন, কারণ ওর উপর তিনি সন্তুষ্ট।” 22:9 মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ; যখন আমি মায়ের দুধ খেতাম তখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ। 22:10 জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে; জন্ম থেকে তুমিই আমার আল্লাহ্‌ হয়েছ। 22:11 তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে, আমার সাহায্যকারী কেউ নেই। 22:12 আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল; যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে। 22:13 শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে, তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে। 22:14 আমাকে পানির মত করে ঢেলে ফেলা হয়েছে, আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে, আমার অন্তর মোমের মত হয়ে আমার ভিতরে গলে গলে পড়ছে। 22:15 মাটির পাত্রের শুকনা টুকরার মত আমার শক্তি শুকিয়ে এসেছে, আর আমার জিভ্‌ তালুতে লেগে যাচ্ছে; তুমি আমাকে কবরে শুইয়ে রেখেছ। 22:16 আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে; তারা আমার হাত ও পা বিঁধেছে। 22:17 আমার হাড়গুলো আমি গুণতে পারি; সেই লোকেরা আমাকে হাঁ করে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে। 22:18 নিজেদের মধ্যে তারা আমার কাপড়-চোপড় ভাগ করছে আর আমার কোর্তার জন্য গুলিবাঁট করছে। 22:19 কিন্তু তুমি, হে মাবুদ, দূরে থেকো না; হে আমার শক্তি, আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এগিয়ে এস। 22:20 তলোয়ারের মুখ থেকে আমার প্রাণ, ঐ সব কুকুরদের থাবা থেকে আমার বহুমূল্য জীবন তুমি রক্ষা কর। 22:21 ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর। তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকে আমাকে রক্ষা করলে। 22:22 ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করব আর সমাজের মধ্যে তোমার গুণগান করব। 22:23 তোমরা যারা মাবুদকে ভয় কর, তোমরা তাঁর প্রশংসা কর। ইয়াকুবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও। ইসরাইলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁর এবাদত কর। 22:24 দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিংবা অগ্রাহ্য করেন নি; তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি, বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন। 22:25 বড় সভার মধ্যে আমার যে প্রশংসা তা তোমার কাছ থেকেই আসে; তোমার উপর যাদের ভয় আছে তাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব। 22:26 নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে; যারা মাবুদের ইচ্ছামত চলে তারা তাঁর প্রশংসা করবে। তারা চিরকাল জীবিত থাকুক। 22:27 দুনিয়ার শেষ সীমার লোকেরাও তওবা করে মাবুদের কাছে আসবে; অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাঁকে সেজদা করবে। 22:28 জ্বী, রাজ্য মাবুদেরই; সব জাতির উপরে তিনিই বাদশাহ্‌। 22:29 দুনিয়ার ধনী লোকেরাও তখন তাঁর সামনে খাওয়া-দাওয়া করবে আর তাঁর এবাদত করবে; নিজের প্রাণ বাঁচাবার ক্ষমতা নেই বলে যাদের এক পা কবরে, তারাও তাঁকে সেজদা করবে। 22:30 ভবিষ্যৎ বংশধরেরা তাঁর এবাদত করবে, আর সেই যুগের লোকদের কাছে দীন-দুনিয়ার মালিকের বিষয় বলা হবে। 22:31 যাদের এখনও জন্ম হয় নি, তাদের কাছে গিয়ে লোকে তাঁর ন্যায্যতার কথা ঘোষণা করবে; বলবে, তিনিই এ কাজ করেছেন।