Library · bn

Psalms 24

24:1 দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু মাবুদের; বিশ্ব ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর; 24:2 কারণ তিনিই গভীর পানির উপরে ভূমির ভিত্তি গাঁথলেন, আর সেই ভূমি মাটির নীচের পানির উপরে ধরে রাখলেন। 24:3 কে মাবুদের পাহাড়ে ওঠার যোগ্য? তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে? 24:4 কেবল সে-ই যোগ্য, যার হাত নির্দোষ, অন্তর খাঁটি, মন মিথ্যার দিকে নয়, আর মুখে নেই মিথ্যা কসম। 24:5 সে মাবুদের কাছ থেকে দোয়া পাবে; সে যে তাঁরই ইচ্ছামত চলছে তার উদ্ধারকর্তা আল্লাহ্‌ তা দেখিয়ে দেবেন। 24:6 এই রকম লোকেরা মাবুদের এবাদত করে, তারা তাঁর মুখের দিকে তাকায়; এরাই ইয়াকুবের বংশ। [সেলা] 24:7 হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের বাদশাহ্‌ ভিতরে ঢুকবেন। 24:8 এই গৌরবের বাদশাহ্‌ কে? তিনি মাবুদ, যিনি শক্তিশালী ও মহান; সেই মাবুদ, যিনি যুদ্ধে মহান। 24:9 হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল; হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক; গৌরবের বাদশাহ্‌ ভিতরে ঢুকবেন। 24:10 কে এই গৌরবের বাদশাহ্‌? আল্লাহ্‌ রাব্বুল আলামীনই গৌরবের বাদশাহ্‌। [সেলা]