Library · bn

Proverbs 3

3:1 ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না, সমস্ত দিল দিয়ে তুমি আমার হুকুম পালন কর; 3:2 কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক উন্নতি হবে। 3:3 বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়; তোমার গলায় সেগুলো বেঁধে রাখ, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ। 3:4 তা করলে আল্লাহ্‌ ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। 3:5 তোমার সমস্ত দিল দিয়ে মাবুদের উপর ভরসা কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না। 3:6 তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ; তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। 3:7 তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না; মাবুদকে ভয় কর, খারাপী থেকে দূরে যাও। 3:8 তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে। 3:9 তোমার ধন-সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ কোরবানী করে তুমি মাবুদকে সম্মান দেখাও; 3:10 তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্‌চে পড়বে। 3:11 ছেলে আমার, মাবুদের শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না; 3:12 কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি মাবুদ যাকে মহব্বত করেন তাকেই বকুনি দেন। 3:13 ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে, 3:14 কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়, সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়; 3:15 প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী, তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না। 3:16 তার ডান হাতে আছে অনেক আয়ু, বাঁ হাতে আছে ধন আর সম্মান। 3:17 তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথেই আছে উন্নতি। 3:18 যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন্তগাছের মত; যারা তাকে আঁকড়ে ধরে তারা দোয়া পায়। 3:19 মাবুদ সুবুদ্ধি দিয়ে দুনিয়ার ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে আসমানকে তার জায়গায় রেখেছেন। 3:20 তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের পানি বের করে এনেছেন, আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে। 3:21 ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো, তাতে মনোযোগ দিয়ো। 3:22 তোমার জন্য তা হবে জীবন, তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত। 3:23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে, তোমার পায়ে উচোট লাগবে না। 3:24 শোবার সময় তুমি ভয় পাবে না, আর তোমার ঘুম হবে সুখের। 3:25 হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না, দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না; 3:26 কারণ তুমি মাবুদের উপরে ভরসা করবে, আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন। 3:27 যারা উপকার পাবার উপযুক্ত তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার কোরো না। 3:28 সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না, “যাও, পরে এসো, কালকে করব।” 3:29 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না, সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে। 3:30 যে লোক তোমার কোন ক্ষতি করে নি, বিনা কারণে তাকে দোষী কোরো না। 3:31 কোন জুলুমবাজ লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না, কিংবা তার কোন পথও তুমি বেছে নিয়ো না; 3:32 কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে মাবুদ ঘৃণা করেন, কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন। 3:33 দুষ্ট লোকের ঘরের উপর মাবুদের বদদোয়া থাকে, কিন্তু আল্লাহ্‌ভক্তদের বাড়ীকে তিনি দোয়া করেন। 3:34 যারা ঠাট্টা-বিদ্রূপ করে তাদেরও তিনি ঠাট্টা-বিদ্রূপ করেন, কিন্তু নম্রদের রহমত দান করেন। 3:35 জ্ঞানীরা সম্মান পাবে, কিন্তু বিবেচনাহীনদের পাওনা হল লজ্জা।