Library · bn

Proverbs 5

5:1 ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন; আমার বিচারবুদ্ধির কথায় কান দাও। 5:2 তাতে তুমি নেকী-বদী বুঝবার শক্তি রক্ষা করতে পারবে, আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে। 5:3 জেনাকারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে, তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম; 5:4 কিন্তু তার শেষ ফল হয় বিষের মত তেতো, দু’দিকে ধার দেওয়া ছোরার মত ধারালো। 5:5 তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে, তা সোজা চলে গেছে কবরের দিকে। 5:6 জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না; তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না। 5:7 ছেলেরা আমার, এবার আমার কথা শোন, আমি যা বলি তা থেকে সরে যেয়ো না। 5:8 সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখ, তার ঘরের দরজার কাছেও যেয়ো না; 5:9 যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবে আর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের। 5:10 তাতে অজানা লোকেরা তোমার ধন-সম্পদ ভোগ করবে, আর তোমার পরিশ্রমের ফল চলে যাবে অন্য লোকের বাড়ীতে। 5:11 জীবনের শেষ সময়ে যখন তোমার শরীর ও গায়ের গোশ্‌ত ধ্বংস হবে তখন তুমি কাত্‌রাতে থাকবে। 5:12 তুমি বলবে, “হায়! আমি শাসন ঘৃণা করেছি, আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছে। 5:13 আমার শিক্ষকদের কথা আমি শুনি নি, যাঁরা আমাকে শিক্ষা দিয়েছেন তাঁদের কথায় কান দিই নি। 5:14 সমাজের লোকদের হাতে পড়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম।” 5:15 তোমার নিজের জমা করা পানি থেকেই তুমি পানি খাও; তোমার নিজের কূয়ার টাটকা পানি খাও। 5:16 তোমার নিজের ঝর্ণার পানি কেন বাইরে উপ্‌চে পড়বে? তোমার স্রোতের পানি কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়? 5:17 তোমার সন্তানেরা তোমার একারই থাকুক, জেনাকারিণীদের তাতে ভাগ না থাকুক, 5:18 তোমার ঝর্ণায় দোয়া থাকুক, তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর। 5:19 সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী; তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক, তুমি সব সময় তার মহব্বতে মেতে থেকো। 5:20 ছেলে আমার, কেন তুমি জেনাকারিণীকে নিয়ে মজে থাকবে? তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে? 5:21 মানুষের চলাফেরার উপর মাবুদই চোখ রেখেছেন; তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন। 5:22 দুষ্ট লোক তার খারাপ কাজের ফাঁদে পড়ে, সে নিজের গুনাহের দড়িতে কষে বাঁধা পড়ে। 5:23 শাসনের অভাবে সে মারা পড়ে; নিজের ভীষণ বোকামির দরুন সে তার পথে স্থির থাকে না।