Library · bn

Proverbs 8

8:1 সুবুদ্ধি কি ডাক দেয় না? বিচারবুদ্ধি কি চিৎকার করে কথা বলে না? 8:2 পথের পাশে উঁচু জায়গায় যেখানে পথ গিয়ে পথের সংগে মিলেছে সেখানে সুবুদ্ধি দাঁড়িয়ে থাকে। 8:3 শহরে যাবার পথে সদর দরজার কাছে সে জোরে চেঁচিয়ে বলে, 8:4 “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি, সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি। 8:5 বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর; বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর। 8:6 শোন, আমি উপযুক্ত কথা বলব, সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব। 8:7 আমি সত্যি কথা বলব; খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে, তাই আমি তা বলব না। 8:8 আমার মুখের সমস্ত কথাই ঠিক, তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই। 8:9 যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য; যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি। 8:10 রূপার চেয়ে আমার উপদেশ লাভ করতে আগ্রহী হও, বাছাই করা সোনার চেয়ে জ্ঞান লাভ করতে আগ্রহী হও; 8:11 কারণ প্র্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী; তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না। 8:12 “আমি সুবুদ্ধি, আমি চালাক হবার বুদ্ধির সংগে বাস করি; জ্ঞান ও নেকী-বদী বুঝবার শক্তি আমার আছে। 8:13 মাবুদকে ভয় করা মানেই দুষ্টতাকে ঘৃণা করা; অহংকার, বড়াই করা, খারাপ ব্যবহার আর বাঁকা কথাকে আমি ঘৃণা করি। 8:14 পরামর্শ ও উপস্থিত বুদ্ধি আমার কাছ থেকে আসে; আমি বিচারবুদ্ধি, আমি ক্ষমতা দিই। 8:15 বাদশাহ্‌রা রাজত্ব করে আমার দ্বারা, আর শাসনকর্তারা তৈরী করে ন্যায়পূর্ণ শরীয়ত; 8:16 আমার দ্বারা রাজপুরুষেরা আর উঁচু পদের লোকেরা শাসন্তকাজ চালায়; তারা সবাই বিচারকের কাজ করে। 8:17 যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি; যারা মনেপ্রাণে আমার তালাশ করে তারা আমাকে পায়। 8:18 ধন ও সম্মান আমার কাছ থেকে আসে, আসে স্থায়ী সম্পদ ও উন্নতি। 8:19 সোনার চেয়েও, এমন কি, খাঁটি সোনার চেয়েও আমার দেওয়া ফল ভাল; আমি যা দিই তা বাছাই করা রূপার চেয়েও খাঁটি। 8:20 আমি ন্যায়ের পথে হাঁটি, ন্যায়বিচারের পথ ধরে চলি। 8:21 যারা আমাকে ভালবাসে তারা ধন-সম্পদ পায়; আমিই তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে তুলি। 8:22 “মাবুদের কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগে আমি তাঁরই ছিলাম; 8:23 সেই প্রথম থেকে, দুনিয়া সৃষ্টির আগে থেকে, সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে। 8:24 যখন কোন সাগর ছিল না, ছিল না কোন ঝর্ণা যেখান থেকে প্রচুর পানি বের হয়ে আসে, তখন আমি জন্মেছিলাম। 8:25 পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম। 8:26 যখন জমীন ও মাঠ-ময়দান কিংবা দুনিয়ার একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি, তখন আমি ছিলাম। 8:27 তিনি যখন আসমান স্থাপন করছিলেন তখন আমি সেখানে ছিলাম; তিনি যখন সাগরের উপরে চারদিকের সীমানা ঠিক করছিলেন, তখন আমি সেখানে ছিলাম। 8:28 তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেন আর মাটির নীচের বড় বড় ঝর্ণা শক্তভাবে স্থাপন করছিলেন, 8:29 তিনি যখন সাগরের সীমানা স্থির করছিলেন যেন পানি তাঁর নিয়মের বাইরে পার হয়ে না আসে, যখন তিনি দুনিয়ার ভিত্তি ঠিক করছিলেন, 8:30 তখন আমিই কারিগর হিসাবে তাঁর পাশে ছিলাম। দিনের পর দিন আমি খুশীতে পূর্ণ হয়ে তাঁর সামনে সব সময় আনন্দ করতাম; 8:31 তাঁর দুনিয়া নিয়ে আনন্দ করতাম, আর মানুষকে নিয়ে খুশীতে পূর্ণ ছিলাম। 8:32 “ছেলেরা আমার, এখন আমার কথা শোন; যারা আমার পথে চলে তারা সুখী। 8:33 আমার নির্দেশে কান দাও, জ্ঞানবান হও, অবহেলা কোরো না। 8:34 যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে সে সুখী; 8:35 কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর মাবুদের কাছ থেকে রহমত পায়। 8:36 কিন্তু যে আমাকে পায় না সে নিজের ক্ষতি করে; যারা আমাকে ঘৃণা করে তারা সবাই মৃত্যুকে ভালবাসে।”