Ecclesiastes 12
12:1 তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে, “আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।”
12:2 সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
12:3 সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে; যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে, আর জানালা দিয়ে যারা দেখত তারা আর ভালভাবে দেখতে পাবে না।
12:4 সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে; এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে, পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে, আর গান-বাজনার আওয়াজ কমে যাবে।
12:5 সেই সময় উঁচু জায়গায় আর রাস্তায় যেতে সে ভয় পাবে। তখন বাদাম গাছে ফুল ধরবে, ফড়িং টেনে টেনে হাঁটবে এবং কামনা-বাসনা আর উত্তেজিত হবে না। তারপর সে চলে যাবে তার অনন্তকালের বাড়ীতে, আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।
12:6 রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে, কিংবা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে, ঝর্ণার কাছে কলসী চুরমার করার আগে, কিংবা কূয়ার পানি তোলার চাকা ভেংগে যাওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।
12:7 মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে রূহ্ আল্লাহ্ দিয়েছেন সেই রূহ্ তাঁর কাছেই ফিরে যাবে।
12:8 হেদায়েতকারী বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
12:9 হেদায়েতকারী নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
12:10 তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যি কথা।
12:11 জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।
12:12 ছেলে আমার, এই কথার সংগে কিছু যোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।
12:13 এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, আল্লাহ্কে ভয় করবার ও তাঁর সব হুকুম পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।
12:14 আল্লাহ্ প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন্ত তা ভাল হোক বা খারাপ হোক।