Library · bn

Ecclesiastes 5

5:1 আল্লাহ্‌র ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মত কোরবানী দেবার চেয়ে বরং আল্লাহ্‌র বাধ্য হওয়া ভাল। 5:2 তোমার মুখ তাড়াতাড়ি করে কথা না বলুক; আল্লাহ্‌র কাছে তাড়াতাড়ি করে কোন কথা বোলো না। আল্লাহ্‌ বেহেশতে আছেন আর তুমি আছ দুনিয়াতে, তাই তোমার কথা যেন অল্প হয়। 5:3 অনেক ভাবনা-চিন্তা থাকলে লোকে যেমন স্বপ্ন দেখে তেমনি অনেক কথা বললে বোকামি বের হয়ে আসে। 5:4 আল্লাহ্‌র কাছে কোন মানত করলে তা পূর্ণ করতে দেরি কোরো না। বোকা লোকদের নিয়ে তিনি কোন আনন্দ পান না। তোমার মানত পূর্ণ কোরো। 5:5 মানত করে তা পূরণ না করবার চেয়ে বরং মানত না করাই ভাল। 5:6 তোমার মুখ যেন তোমাকে গুনাহের পথে নিয়ে না যায়। “আমার মানত করা ভুল হয়েছে,” এই কথা এবাদত-খানার খেদমতকারীকে বোলো না। তোমার কথার জন্য কেন আল্লাহ্‌ রেগে গিয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন? 5:7 অনেক স্বপ্ন দেখা এবং অনেক কথা বলা অসার, কিন্তু তুমি আল্লাহ্‌কে ভয় কর। 5:8 তোমার এলাকায় যদি কোন গরীবকে অত্যাচারিত হতে দেখ কিংবা কাউকে ন্যায়বিচার ও তার ন্যায্য অধিকার না পেতে দেখ তবে ভয় পেয়ো না, কারণ এক কর্মচারীর উপরে বড় আর এক কর্মচারী আছেন এবং তাদের দ’ুজনের উপরে আরও বড় বড় কর্মকর্তা আছেন। 5:9 তবুও চাষের জমি রক্ষা করবার জন্য একজন বাদশাহ্‌ থাকলে দেশের সুবিধা হয়। 5:10 যে লোক টাকা-পয়সা ভালবাসে তার কখনও যথেষ্ট হয়েছে বলে মনে হয় না। যে লোক ধন-সম্পদ ভালবাসে সে তার আয়ে কখনও সন্তুষ্ট হয় না। এটাও অসার। 5:11 সম্পত্তি বাড়লে তা ভোগ করবার লোকও বাড়ে। কেবল দেখবার সুখ ছাড়া সেই সম্পত্তিতে মালিকের কি লাভ? 5:12 যে পরিশ্রম করে সে কম খাক বা বেশী খাক তার ঘুম ভাল হয়। কিন্তু ধনী লোকের প্রচুর ধন-সম্পদ তাকে ঘুমাতে দেয় না। 5:13 সূর্যের নীচে আমি একটা ভীষণ দুঃখের ব্যাপার দেখেছি- ধনী অনেক ধন জমা করে কিন্তু শেষে তার ক্ষতি হয়। 5:14 কোন দুর্ঘটনায় পড়ে তা ধ্বংস হয়ে যায়। কাজেই তার ছেলের জন্য কিছুই থাকে না। 5:15 মায়ের গর্ভ থেকে মানুষ উলংগ আসে; সে যেমন আসে তেমনই চলে যায়। তার পরিশ্রমের কোন কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না। 5:16 এটাও একটা ভীষণ দুঃখের ব্যাপার যে, মানুষ যেমন আসে তেমনই চলে যায়; তার লাভ কি? সে তো বাতাসের জন্যই পরিশ্রম করে। 5:17 বিরক্তি, যন্ত্রণা আর রাগ নিয়ে সারা জীবনই সে অন্ধকারে কাটায়। 5:18 তারপর আমি বুঝতে পারলাম যে, আল্লাহ্‌ সূর্যের নীচে মানুষকে যে কয়টা দিন বাঁচতে দিয়েছেন তাতে খাওয়া-দাওয়া করা এবং তার কঠিন পরিশ্রমের মধ্যে তৃপ্ত হওয়াই তার পক্ষে ভাল ও উপযুক্ত, কারণ ওটাই তার পাওনা। 5:19 এছাড়া আল্লাহ্‌ যখন কোন মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটা অংশ গ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন। এ সবই আল্লাহ্‌র দান। 5:20 তার আয়ুর দিনগুলোর দিকে সে ফিরে তাকায় না, কারণ আল্লাহ্‌ তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।