Ecclesiastes 7
7:1 ভাল খোশবুর চেয়ে সুনাম ভাল, জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভাল।
7:2 মেজবানীর ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভাল, কারণ সকলেই একদিন মারা যাবে; জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
7:3 আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল, কারণ মুখে দুঃখের ভাব থাকলেও দিলে সুখ থাকতে পারে।
7:4 জ্ঞানীর দিল শোকের ঘরে থাকে, কিন্তু বোকা লোকদের দিল থাকে আমোদের ঘরে।
7:5 বোকাদের গান শোনার চেয়ে জ্ঞানী লোকের বকুনি শোনা ভাল।
7:6 পাত্রের তলায় আগুনে কাঁটা পোড়ালে কেবল শব্দই হয়; বোকাদের হাসিও ঠিক তেমনি। এও অসার।
7:7 জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায়, আর ঘুষ দিল নষ্ট করে।
7:8 কোন কাজের শুরুর চেয়ে শেষ ভাল, আর অহংকারের চেয়ে ধৈর্য ভাল।
7:9 তোমার দিলকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না, কারণ রাগ বোকাদেরই দিলে বাস করে।
7:10 “এখনকার চেয়ে আগেকার কাল কেন ভাল ছিল?” এই কথা জিজ্ঞাসা কোরো না, কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়।
7:11 জ্ঞান সম্পত্তি পাওয়ার মত ভাল জিনিস; তা জীবিত লোকদের উপকার করে।
7:12 টাকা-পয়সার মতই জ্ঞান নিরাপত্তা দান করে, তবে জ্ঞানের সুবিধা হল এই যে, জ্ঞানীর জ্ঞানই তার জীবন রক্ষা করে।
7:13 আল্লাহ্র কাজ ভেবে দেখ। তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে?
7:14 সুখের দিনে সুখী হও; কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে, আল্লাহ্ যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখও রেখেছেন, যেন মানুষ তার ভবিষ্যতের কোন কিছুই জানতে না পারে।
7:15 আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে, একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়, আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যে অনেক দিন বেঁচে থাকে।
7:16 নিজের চোখে অতিরিক্ত সৎ কিংবা অতিরিক্ত জ্ঞানী হোয়ো না। কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
7:17 দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না। কেন তুমি অসময়ে মারা যাবে?
7:18 এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না; যে লোক আল্লাহ্কে ভয় করে সে কোন কিছুই অতিরিক্ত করে না।
7:19 দশজন শাসনকর্তা শহরকে যত না শক্তিশালী করে জ্ঞান একজন জ্ঞানী লোককে তার চেয়েও শক্তিশালী করে।
7:20 দুনিয়াতে এমন কোন সৎ লোক নেই যে সব সময় ভাল কাজ করে, কখনও গুনাহ্ করে না।
7:21 লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না, হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে বদদোয়া দিচ্ছে;
7:22 কারণ তুমি তো তোমার দিলে জান যে, অনেকবার তুমি নিজেই অন্যদের বদদোয়া দিয়েছ।
7:23 এই সব আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা করে দেখে বললাম, “আমি জ্ঞানী হবই হব।” কিন্তু তা আমার নাগালের বাইরে।
7:24 জীবনের প্রকৃত অর্থ খুবই গভীর, তা নাগালের বাইরে; কে তা খুঁজে পেতে পারে?
7:25 সেইজন্য আমি মন স্থির করলাম যাতে জ্ঞান ও সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা জানতে পারি এবং পরীক্ষা ও খোঁজ করে দেখতে পারি, আর বুঝতে পারি যে, দুষ্টতা হল বোকামি আর নির্বুদ্ধিতা হল বিচারবুদ্ধিহীনতা।
7:26 আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তেতো হল সেই স্ত্রীলোক, যার দিল একটা ফাঁদ ও জাল আর হাত দু’টা শিকল। যে লোক আল্লাহ্কে সন্তুষ্ট করে সে তার হাত থেকে নিজেকে রক্ষা করবে, কিন্তু গুনাহ্গারকে সে ফাঁদে ফেলবে।
7:27 হেদায়েতকারী বলছেন, “দেখ, সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা খুঁজে দেখবার জন্য আমি ধাপে ধাপে এগিয়ে গিয়ে কতগুলো বিষয় জানতে পারলাম।
7:28 আমি যখন জ্ঞানের খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তখন আমি হাজার জনের মধ্যে একজন খাঁটি পুরুষ লোককে পেলাম, কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাই নি।
7:29 কেবল এটাই আমি জানতে পারলাম যে, আল্লাহ্ মানুষকে খাঁটিই তৈরী করেছিলেন, কিন্তু মানুষ নানা চালাকির পিছনে চলে গেছে।”