Library · bn

Isaiah 21

21:1 মরু-সমুদ্র সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: নেগেভে যেমন করে ঘূর্ণিবাতাস বয়ে যায় তেমনি করে মরুভূমি থেকে, সেই ভয়ংকর দেশ থেকে একটা বিপদ আসছে। 21:2 একটা ভীষণ দর্শন আমাকে দেখানো হয়েছে- বেঈমান বেঈমানী করছে, আর লুটকারী লুট করছে। হে ইলাম, আক্রমণ কর; মিডিয়া, ঘেরাও কর। ব্যাবিলন যে সব দুঃখ-কষ্ট ঘটিয়েছে তা আমি বন্ধ করে দেব। 21:3 আমি পেটের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন যন্ত্রণা পাচ্ছি যে, শুনতে পাচ্ছি না, এমন ভয় পাচ্ছি যে, দেখতে পাচ্ছি না। 21:4 আমার বুক ধুক্‌ ধুক্‌ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে সন্ধ্যাবেলার জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা এখন আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 21:5 তারা খাবার সাজাচ্ছে, মাদুর বিছাচ্ছে আর খাওয়া-দাওয়া করছে। হে সেনাপতিরা, ওঠো, ঢালে তেল লাগাও। 21:6 দীন-দুনিয়ার মালিক আমাকে বলছেন, “তুমি গিয়ে একজন পাহারাদার নিযুক্ত কর। সে যা কিছু দেখবে তার খবর যেন সে দেয়। 21:7 সে যখন জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার দেখবে আর গাধা কিংবা উটের পিঠে চড়া লোকদের দেখবে, তখন যেন সে সতর্ক হয়, পুরোপুরি সতর্ক হয়।” 21:8 তখন সেই পাহারাদার চেঁচিয়ে বলবে, “হে হুজুর, দিনের পর দিন উঁচু পাহারা-ঘরে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি। 21:9 দেখুন, জোড়ায় জোড়ায় ঘোড়সওয়ার আসছে।” তারপর সে বলবে, “ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে। তার সব দেবতাদের মূর্তিগুলো চুরমার হয়ে মাটিতে পড়ে আছে।” 21:10 হে আমার লোকেরা, ফসলের মত তোমাদের তো মাড়াই করা হয়েছে। আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছ থেকে, ইসরাইলের মাবুদের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদের জানালাম। 21:11 দূমা, অর্থাৎ ইদোম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ আছে?” 21:12 পাহারাদার জবাব দিল, “সকাল হয়ে আসছে, কিন্তু তারপর রাতও আসছে। যদি আবার জিজ্ঞাসা করতে চাও তবে ফিরে এসে আবার জিজ্ঞাসা কোরো।” 21:13 আরব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা যারা আরবের মরুভূমিতে তাম্বু খাটাও, 21:14 তোমরা পিপাসিত লোকদের জন্য পানি আন। হে তাইমা দেশের বাসিন্দারা, তোমরা পালিয়ে যাওয়া লোকদের জন্য খাবার আন। 21:15 তারা তলোয়ারের সামনে থেকে, খোলা তলোয়ারের সামনে থেকে, বাঁকানো ধনুকের সামনে থেকে আর ভয়ংকর যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাচ্ছে। 21:16 দীন-দুনিয়ার মালিক আমাকে বললেন, “চুক্তিতে বাঁধা চাকর যেমন বছর গোণে তেমনি ঠিক এক বছরের মধ্যে কায়দারের সমস্ত জাঁকজমক শেষ হয়ে যাবে। 21:17 কায়দারের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে। ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন।”