Library · bn

Isaiah 26

26:1 সেই দিন এহুদা দেশে এই কাওয়ালীটি গাওয়া হবে: আমাদের একটা শক্ত শহর আছে; আল্লাহ্‌র দেওয়া উদ্ধার হবে তার দেয়াল ও রক্ষার ব্যবস্থা। 26:2 তোমরা দরজা খুলে দাও যাতে সৎ ও বিশ্বস্ত সেই জাতি ঢুকতে পারে। 26:3 যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর ভরসা করে। 26:4 তোমরা চিরদিনের জন্য মাবুদের উপর ভরসা কর, কারণ মাবুদ, সেই মাবুদই চিরস্থায়ী আশ্রয়-পাহাড়। 26:5 যারা উঁচুতে বাস করে তাদের তিনি নীচুতে নামান; সেই উঁচু শহরকে তিনি ধ্বংস করে নীচু করেন। তিনি তা মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেন। 26:6 অত্যাচারিত ও গরীবেরা তা পায়ে মাড়ায়। 26:7 আল্লাহ্‌ভক্ত লোকদের পথ সমান থাকে; হে ন্যায়বান, তুমি আল্লাহ্‌ভক্তদের পথ সমান করে থাক। 26:8 জ্বী, মাবুদ, আমরা তোমার ন্যায় পথে চলে তোমার জন্য অপেক্ষা করে আছি; আমরা চাই যেন তুমি তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হও। 26:9 রাতে আমার প্রাণ তোমার জন্য কাঁদে; আমার রূহ্‌ তোমার জন্য আকুল হয়। দুনিয়াতে তোমার ন্যায়বিচার আসলে পর দুনিয়ার লোক সততা শিক্ষা পাবে। 26:10 দুষ্টদের দয়া দেখানো হলেও তারা সততা শিক্ষা করে না; এমন কি, ন্যায়ের দেশেও তারা অন্যায় করতে থাকে আর মাবুদের গৌরব স্বীকার করে না। 26:11 হে মাবুদ, তোমার হাত তুমি উঁচুতে উঠিয়েছ, কিন্তু তারা তা দেখে না। তোমার বান্দাদের জন্য তোমার আগ্রহ তারা দেখুক এবং লজ্জিত হোক; আগুন তোমার শত্রুদের পুড়িয়ে ফেলুক। 26:12 হে মাবুদ, আমাদের জন্য তুমি শান্তি স্থাপন করবে; কারণ আমরা যা করতে পেরেছি তা সবই তুমি আমাদের জন্য করেছ। 26:13 হে আল্লাহ্‌, আমাদের মাবুদ, তুমি ছাড়া অন্য মালিকেরাও আমাদের উপর কর্তা হয়েছিল, কিন্তু কেবল তোমাকেই আমরা স্বীকার করি। 26:14 তারা এখন মরে গেছে, আর বেঁচে নেই; তাদের রূহ্‌গুলো আর বেঁচে উঠবে না। তুমি তাদের শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছ; তাদের বিষয় তুমি একেবারে মুছে ফেলেছ। 26:15 হে মাবুদ, তুমি এই জাতিকে বড় করেছ; এই জাতিকে বড় করে তুমি গৌরব লাভ করেছ; তুমি দেশের সমস্ত সীমা বাড়িয়ে দিয়েছ। 26:16 হে মাবুদ, কষ্টের সময় তারা তোমাকে দেখেছিল; তোমার কাছ থেকে শাস্তি পাবার সময় তারা আকুল হয়ে ফিস্‌ ফিস্‌ করে মুনাজাত জানিয়েছিল। 26:17 গর্ভবতী স্ত্রীলোক প্রসবের সময় যেমন ব্যথায় মোচড়ায় ও চিৎকার করে, হে মাবুদ, আমরাও তোমার সামনে তেমনই হয়েছি। 26:18 আমরা গর্ভবতী হয়েছি, ব্যথায় মোচড় দিয়েছি, কিন্তু আমরা জন্ম দিয়েছি বাতাসের। আমাদের দ্বারা দেশ রক্ষা পায় নি, দুনিয়ার লোকও আমাদের দ্বারা জীবন পায় নি। 26:19 কিন্তু তোমার মৃত বান্দারা বাঁচবে; তাদের মৃতদেহ বেঁচে উঠবে। তোমরা যারা ধুলায় বাস কর, তোমরা জাগো এবং আনন্দে চিৎকার কর। সকালের শিশির যেমন দুনিয়াকে সতেজ করে তেমনি তুমি মৃতদের জীবন দেবে। 26:20 হে আমার লোকেরা, তোমরা যাও, তোমাদের কামরায় ঢুকে দরজা বন্ধ কর; তোমরা নিজেদের লুকিয়ে রাখ, কারণ অল্পক্ষণ পরে তাঁর রাগ থেমে যাবে। 26:21 দেখ, দুনিয়ার লোকদের গুনাহের শাস্তি দেবার জন্য মাবুদ তাঁর বাসস্থান থেকে বেরিয়ে আসছেন। দুনিয়ার উপরে যে রক্তপাত হয়েছে তা প্রকাশ করা হবে; হত্যা করা তার লোকদের আর সে লুকিয়ে রাখবে না।