Library · bn

Isaiah 35

35:1 মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে; মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে। বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে; মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে। তাকে লেবাননের গৌরব দেওয়া হবে, দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য; লোকেরা মাবুদের গৌরব দেখতে পাবে, দেখতে পাবে আমাদের আল্লাহ্‌র সৌন্দর্য। 35:3 যারা দুর্বল তাদের হাত শক্তিশালী কর; কাঁপতে থাকা হাঁটু স্থির কর। 35:4 যাদের দিল ভয়ে ভরা তাদের বল, “বলবান হও, ভয় কোরো না। তোমাদের আল্লাহ্‌ আসবেন, প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন; তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।” 35:5 তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না। 35:6 তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে, বোবাদের জিভ্‌ আনন্দে চিৎকার করবে। মরুভূমির নীচ থেকে জোরে পানি বেরিয়ে আসবে, আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে। 35:7 শুকনা জমি পুকুর হবে, আর পিপাসিত মাটিতে পানির ঝর্ণা উঠবে; যেখানে শিয়ালেরা শুয়ে থাকত সেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল। 35:8 সেখানে হবে একটা রাজপথ, জ্বী, একটা পথ হবে; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না; সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে। অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না। 35:9 সেখানে কোন সিংহ থাকবে না, কোন হিংস্র জন্তু সেই পথে যাবে না; সেখানে তাদের দেখা যাবে না, কিন্তু কেবল মুক্তি পাওয়া লোকেরাই সেই পথে হাঁটবে, 35:10 আর মাবুদের মুক্ত করা লোকেরাই ফিরে আসবে। তারা আনন্দে কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; তাদের মাথার তাজ হবে চিরস্থায়ী আনন্দ। তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।