Library · bn

Jeremiah 24

24:1 ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যিহোয়াকীমের ছেলে এহুদার বাদশাহ্‌ যিহোয়াখীন ও এহুদার রাজকর্মচারী, কারিগর ও কর্মকারদের জেরুজালেম থেকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাবার পরে মাবুদ আমাকে তাঁর ঘরের সামনে রাখা দুই টুকরি ডুমুর ফল দেখালেন। 24:2 একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মত খুব ভাল ডুমুর, আর অন্যটাতে ছিল খুব খারাপ ডুমুর, এত খারাপ যে, খাওয়া যায় না। 24:3 মাবুদ আমাকে জিজ্ঞাসা করলেন, “ইয়ারমিয়া, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “ডুমুর; ভালগুলো খুবই ভাল, কিন্তু খারাপগুলো এত খারাপ যে, সেগুলো খাওয়া যায় না।” 24:4 পরে মাবুদ আমাকে বললেন, 24:5 “আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছি, এহুদা থেকে যে বন্দীদের আমি এখান থেকে ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি তাদের আমি এই ভাল ডুমুরের মতই মনে করব। 24:6 আমি তাদের উন্নতির জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেংগে ফেলব না; আমি তাদের লাগিয়ে দেব, তুলে ফেলব না। 24:7 আমিই যে মাবুদ তা জানবার দিল আমি তাদের দেব। তারা আমার বান্দা হবে আর আমি তাদের আল্লাহ্‌ হব, কারণ সমস্ত দিল দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে। 24:8 “কিন্তু এই খারাপ ডুমুর, যা এত খারাপ যে, খাওয়া যায় না, সেগুলোর মত করে আমি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়, তার রাজকর্মচারী ও জেরুজালেমের যে লোকেরা দেশে রয়ে গেছে কিংবা মিসরে বাস করছে তাদের সংগে খারাপ ব্যবহার করব। 24:9 আমি তাদের যেখানেই দূর করে দিই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র, দুনিয়ার সমস্ত জাতির বিরক্তির কারণ, একটা টিট্‌কারির পাত্র, একটা চল্‌তি কথা ও একটা ঠাট্টার পাত্র। লোকে তাদের নাম নিয়ে বদদোয়া দেবে। 24:10 আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী পাঠাব।”