Library · bn

Jeremiah 8

8:1 মাবুদ বলছেন, “সেই সময়ে এহুদার বাদশাহ্‌ ও উঁচু পদের কর্মচারীদের হাড়, ইমাম ও নবীদের হাড় এবং জেরুজালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলা হবে। 8:2 সেই হাড়গুলো সূর্য, চাঁদ ও আসমানের সব তারার সামনে পড়ে থাকবে, কারণ তারা আসমানের সেই সবগুলোকে ভালবাসত ও এবাদত করত এবং সেগুলোর পিছনে যেত আর তাদের সংগে পরামর্শ করত ও তাদের পূজা করত। সেই হাড়গুলোকে জড়ো করে দাফন করা হবে না, বরং সেগুলো গোবরের মত মাটিতে পড়ে থাকবে। 8:3 যেখানে আমি তাদের দূর করে দেব সেখানে এই দুষ্ট জাতির বেঁচে থাকা লোকেরা জীবনের চেয়ে মরণকেই পছন্দ করবে। এই কথা আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি।” 8:4 মাবুদ আমাকে এই কথা বলতে বললেন, “লোকে পড়ে গেলে কি আর ওঠে না? বিপথে গেলে কি ফিরে আসে না? 8:5 তবে কেন জেরুজালেমের এই লোকেরা বিপথে গিয়ে আর ফিরে আসে না? তারা ছলনাকে আঁকড়ে ধরে রাখে; তারা ফিরে আসতে অস্বীকার করে। 8:6 আমি মন দিয়ে শুনেছি যে, তারা ঠিক কথা বলে না। দুষ্টতার জন্য তওবা করে কেউ বলে না, ‘হায়, আমি কি করলাম!’ ঘোড়া যেমন দৌড়ে যুদ্ধে যায় সেই রকম ভাবে প্রত্যেকে নিজের নিজের পথে চলে। 8:7 সারস পাখীও নিজের সময় জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সময়ের দিকে লক্ষ্য রাখে, কিন্তু আমার লোকেরা আমার শরীয়তের দিকে মনোযোগ দেয় না। 8:8 “তোমরা কেমন করে বল, ‘আমরা জ্ঞানী এবং মাবুদের শরীয়ত আমাদের কাছে আছে।’ আসলে আলেমেরা শরীয়ত ভুলভাবে ব্যাখ্যা করে মিথ্যা কথা লিখেছে। 8:9 জ্ঞানী লোকেরা লজ্জিত ও হতভম্ব হয় আর ফাঁদে ধরা পড়ে। তারা যখন মাবুদের কালাম অগ্রাহ্য করেছে তখন তাদের কি রকমের জ্ঞান আছে? 8:10 সেইজন্য তাদের স্ত্রীদের আমি অন্য লোকদের এবং তাদের ক্ষেত নতুন মালিকদের দিয়ে দেব। ছোট থেকে বড় পর্যন্ত সবাই লাভের জন্য লোভ করে; এমন কি, নবী ও ইমাম সবাই ছলনা করে। 8:11 তারা আমার বান্দাদের আঘাত এমনভাবে বেঁধে দেয় যেন তা বিশেষ কিছু নয়। তারা বলে ‘শান্তি, শান্তি,’ কিন্তু আসলে শান্তি নেই। 8:12 তারা কি তাদের সেই জঘন্য কাজের জন্য লজ্জিত? না, তাদের কোন লজ্জা নেই; তারা লজ্জায় লাল হতে জানেই না। সেইজন্য তারা তাদের মধ্যে পড়বে যারা শাস্তি ভোগ করবে। আমি যখন তাদের শাস্তি দেব তখন তাদের নত করা হবে। আমি মাবুদ এই কথা বলছি।” 8:13 মাবুদ বলছেন, “তাদের আমি শেষ করে দেব। আংগুর লতায় কোন আংগুর থাকবে না, ডুমুর গাছে ডুমুর থাকবে না এবং সেগুলোর পাতা শুকিয়ে যাবে। আমি তাদের যা দিয়েছি তা আর থাকবে না।” 8:14 আমরা এখানে বসে আছি কেন? চল, আমরা একসংগে দেয়াল-ঘেরা শহরগুলোতে পালিয়ে গিয়ে সেখানে ধ্বংস হই, কারণ আমাদের মাবুদ আল্লাহ্‌ আমাদের জন্য ধ্বংসই ঠিক করে রেখেছেন এবং বিষাক্ত পানি খেতে দিয়েছেন, কারণ আমরা তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছি। 8:15 আমরা শান্তির আশা করেছিলাম কিন্তু কোন উপকার হল না; আমরা সুস্থ হবার আশা করেছিলাম কিন্তু ভীষণ ভয় উপস্থিত হল। 8:16 দান শহর থেকে শত্রুদের ঘোড়ার নাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলোর ডাকে গোটা দেশটা কাঁপছে। দেশ ও তার মধ্যেকার সব কিছু এবং শহর ও শহরবাসীদের তারা গ্রাস করতে আসছে। 8:17 মাবুদ বলছেন, “দেখ, আমি তোমাদের মধ্যে বিষাক্ত সাপ পাঠিয়ে দেব; সেই কালসাপ কোন মন্ত্রতন্ত্র মানবে না, সেগুলো তোমাদের কামড়াবেই।” 8:18 আমার দুঃখ এত বেশী যে, তার সান্ত্বনা নেই; আমার মধ্যে আমার দিল ভীষণ দুঃখ পাচ্ছে। 8:19 দূর দেশ থেকে আমার লোকদের এই ফরিয়াদ শোনা যাচ্ছে, “মাবুদ কি সিয়োনে নেই? তার বাদশাহ্‌ কি আর সেখানে নেই?” জবাবে মাবুদ বলছেন, “তারা তাদের সব মূর্তি ও তাদের অপদার্থ প্রতিমাগুলো দিয়ে কেন আমাকে বিরক্ত করে তুলেছে?” 8:20 আমার লোকেরা বলছে, “ফসল কাটবার সময় চলে গেল, গরম কালও শেষ হয়ে গেল, কিন্তু আমরা তো উদ্ধার পেলাম না।” 8:21 আমার লোকেরা ভেংগে পড়েছে বলে আমিও ভেংগে পড়েছি; আমি শোক করছি আর ভীষণ ভয় আমাকে ধরেছে। 8:22 গিলিয়দে কি কোন মলম নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? তাহলে আমার লোকদের স্বাস্থ্য কেন ভাল হয় নি?