Lamentations 3
3:1 আমি সেই লোক, যে মাবুদের রাগের শাস্তি পেয়েছে।
3:2 তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন; তিনি আমাকে আলোতে নয়, কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন;
3:3 সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধে বারে বারে তাঁর হাত তুলেছেন।
3:4 আমার চামড়া ও গোশ্তকে তিনি শুকিয়ে ফেলেছেন আর হাড়গুলো ভেংগে দিয়েছেন।
3:5 তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়ে আমাকে আটক করে ঘিরে রেখেছেন।
3:6 যারা অনেক দিন আগে মারা গেছে তাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন।
3:7 আমি যাতে পালাতে না পারি সেজন্য তিনি আমার চারদিক ঘিরে রেখেছেন; আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন।
3:8 যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি, তখন আমার মুনাজাত তিনি শোনেন না।
3:9 ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন; আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন।
3:10 আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভল্লুক আর লুকিয়ে থাকা সিংহের মত;
3:11 পথ থেকে তিনি আমাকে টেনে এনে টুকরা টুকরা করেছেন এবং আমাকে একা ফেলে রেখে গেছেন।
3:12 তাঁর ধনুকে টান দিয়ে তিনি আমাকে তাঁর তীরের লক্ষ্যস্থান করেছেন।
3:13 তাঁর তূণ থেকে তীর নিয়ে তিনি আমার দিল ছিদ্র করেছেন।
3:14 আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি; তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।
3:15 তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন, বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন।
3:16 তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেন আর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন।
3:17 শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে; সুখ কি, তা আমি ভুলে গেছি।
3:18 তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে। মাবুদের কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম তা-ও আর নেই।”
3:19 আমার কষ্ট ও ঘুরে বেড়াবার কথা মনে কর; মনে কর আমার তেতো ও বিষে পূর্ণ জীবনের কথা।
3:20 তা সব সময়ই আমার মনে আছে, আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে।
3:21 তবুও আমার আশা আছে, কারণ আমি এই কথা মনে করি:
3:22 মাবুদের অটল মহব্বতের জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর মমতা কখনও শেষ হয় না;
3:23 প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়; তাঁর বিশ্বস্ততা মহৎ।
3:24 আমি মনে মনে বলি, “মাবুদই আমার সম্পত্তি, তাই আমি তাঁর উপর আশা রাখব।”
3:25 মাবুদের উপর যারা আশা রাখে ও তাঁর উপর ভরসা করে তাদের তিনি উপকার করেন।
3:26 মাবুদ উদ্ধার না করা পর্যন্ত নীরবে অপেক্ষা করা ভাল।
3:27 যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।
3:28 মাবুদই সেই জোয়াল তার উপর দিয়েছেন, তাই সে একা চুপ করে বসে থাকুক।
3:29 সে ধুলাতে মুখ ঢাকুক, হয়তো আশা থাকতেও পারে।
3:30 যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক, নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।
3:31 দীন-দুনিয়ার মালিক তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।
3:32 যদি বা তিনি দুঃখ দেন, তবুও তাঁর অটল মহব্বত অনুসারে তিনি মমতা করবেন,
3:33 কারণ তিনি ইচ্ছা করে মানুষকে কষ্ট কিংবা মনোদুঃখ দেন না।
3:34 দেশের সব বন্দীদের পায়ে দলানো,
3:35 আল্লাহ্তা’লার সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা,
3:36 ন্যায়বিচার হতে না দেওয়া- এ সব কি দীন-দুনিয়ার মালিক দেখবেন না?
3:37 যদি মাবুদ হুকুম না দেন তবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে?
3:38 আল্লাহ্তা’লার মুখ থেকেই কি ক্ষতি ও উন্নতি বের হয় না?
3:39 গুনাহের জন্য শাস্তি পেলে পর মানুষ কেন তা নিয়ে নালিশ করবে?
3:40 এস, আমরা আমাদের জীবন পথের পরীক্ষা করি ও যাচাই করি এবং মাবুদের কাছে ফিরে যাই।
3:41 এস, আমরা আমাদের দিল ও হাত বেহেশতে আল্লাহ্র দিকে উঠাই আর বলি,
3:42 “আমরা গুনাহ্ করেছি, বিদ্রোহ করেছি; তুমি মাফ কর নি।
3:43 তুমি রাগ দিয়ে নিজেকে ঢেকে আমাদের তাড়া করেছ; মমতা না করে তুমি মেরে ফেলেছ।
3:44 তুমি মেঘ দিয়ে নিজেকে ঢেকেছ যাতে কোন মুনাজাত তার মধ্য দিয়ে যেতে না পারে।
3:45 জাতিদের মধ্যে তুমি আমাদের করেছ ময়লা ও আবর্জনার মত।
3:46 আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধে মুখ বড় করে হা করেছে।
3:47 আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।”
3:48 আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেজন্য আমার চোখ থেকে পানির স্রোত বইছে।
3:49 আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না,
3:50 যে পর্যন্ত না মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেন।
3:51 আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি, তাতে আমার প্রাণ কাঁদছে।
3:52 বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিল তারা পাখীর মত করে আমাকে শিকার করেছে।
3:53 তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছে এবং আমার উপর পাথর ছুঁড়েছে।
3:54 আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেছে, আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি।
3:55 হে মাবুদ, সেই গভীর গর্তের মধ্য থেকে আমি তোমাকে ডাকলাম।
3:56 তুমি আমার এই মিনতি শুনেছিলে, “সাহায্যের জন্য আমার কান্নার প্রতি তুমি কান বন্ধ করে রেখো না।”
3:57 আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ, “ভয় কোরো না।”
3:58 হে মালিক, তুমি আমার পক্ষ নিয়েছ, তুমি আমার প্রাণ মুক্ত করেছ।
3:59 হে মাবুদ, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তা তো তুমি দেখেছ। আমার প্রতি ন্যায়বিচার কর।
3:60 তারা কিভাবে প্রতিশোধ নিয়েছে তা তুমি দেখেছ, দেখেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র।
3:61 হে মাবুদ, তাদের টিট্কারির কথা তুমি শুনেছ, শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা।
3:62 আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধে কত ফিস্ ফিস্ করে ও নানা কথা বলে।
3:63 দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে।
3:64 হে মাবুদ, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও।
3:65 তাদের দিল কঠিন কর, আর তোমার বদদোয়া তাদের উপরে পড়ুক।
3:66 তুমি রাগে তাদের তাড়া কর, তোমার আসমানের নীচ থেকে তাদের ধ্বংস করে ফেল।