Ezekiel 19
19:1 মাবুদ আমাকে বললেন, “তুমি ইসরাইলের শাসনকর্তাদের জন্য বিলাপ করে বল,
19:2 ‘সিংহদের মধ্যে তোমার মা ছিল সেরা সিংহী। সে যুব সিংহদের মধ্যে শুয়ে থাকত; তার বাচ্চাদের সে লালন-পালন করত।
19:3 তার একটা বাচ্চা বড় হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
19:4 জাতিরা তার বিষয় শুনতে পেল; সে তাদের গর্তে ধরা পড়ল। তারা তার নাকে কড়া লাগিয়ে মিসর দেশে নিয়ে গেল।
19:5 “ ‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না; সে যা চাইছিল তা হল না; তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে তাকে শক্তিশালী করে তুলল।
19:6 সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।
19:7 সে তাদের কেল্লাগুলো ভাঙ্গল আর শহর সব ধ্বংস করে ফেলল। তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।
19:8 তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল। তারা তার জন্য তাদের জাল পাতল, আর সে তাদের গর্তে ধরা পড়ল।
19:9 নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল আর ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল। তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল; ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।
19:10 “ ‘তোমার মা পানির ধারে লাগানো একটা আংগুর গাছের মত; প্রচুর পানি পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।
19:11 তার ডালগুলো ছিল শক্ত, শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত। সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো; সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।
19:12 কিন্তু মাবুদ তাঁর রাগে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন। পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল, তার ফল ঝরে পড়ল; তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল, আর আগুন তা পুড়িয়ে ফেলল।
19:13 এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, পানিহীন দেশে লাগানো হয়েছে।
19:14 তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল; তার ডাল ও ফল পুড়ে গেল। শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’ “এটা একটা বিলাপ; দুঃখের কাওয়ালী হিসাবে এটা ব্যবহার করা হবে।”