Ezekiel 8
8:1 বন্দীদশায় থাকবার ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি যখন আমার ঘরে বসে ছিলাম আর এহুদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসে ছিলেন তখন আল্লাহ্ মালিকের হাত সেই জায়গায় আমার উপরে আসল।
8:2 আমি তাকিয়ে মানুষের মত একজনকে দেখতে পেলাম। তাঁর কোমর থেকে নীচ পর্যন্ত আগুনের মত লাগছিল, আর কোমর থেকে উপর পর্যন্ত চক্চকে ধাতুর মত উজ্জ্বল ছিল।
8:3 তিনি হাত বাড়িয়ে আমার মাথার চুল ধরলেন। তখন আল্লাহ্র রূহ্ আমাকে আকাশে তুলে নিলেন এবং আল্লাহ্র দেওয়া দর্শনের মধ্যে তিনি আমাকে জেরুজালেমের বায়তুল-মোকাদ্দসের ভিতরের উঠানের উত্তর দিকের দরজায় ঢুকবার পথে নিয়ে গেলেন। সেখানে এমন একটা মূর্তি ছিল যেটা আল্লাহ্র রাগ খুঁচিয়ে তুলেছিল,
8:4 আর সেখানে আমার সামনে ছিল ইসরাইলের আল্লাহ্র মহিমা, যা আমি সমভূমিতে দর্শনের মধ্যে দেখেছিলাম।
8:5 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি উত্তর দিকে তাকাও।” কাজেই আমি সেই দিকে তাকালাম এবং কোরবানগাহের দরজায়, অর্থাৎ উত্তর দিকের দরজায় ঢুকবার পথে আমি সেই মূর্তিকে দেখতে পেলাম।
8:6 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তারা যা করছে তা কি তুমি দেখতে পাচ্ছ? বনি-ইসরাইলরা এখানে কি ভীষণ জঘন্য কাজ করছে যার ফলে আমাকে আমার পবিত্র জায়গা থেকে দূরে সরে যেতে হবে। কিন্তু এর পরেও তুমি আরও জঘন্য কাজ দেখতে পাবে।”
8:7 তারপর তিনি আমাকে উঠানে ঢুকবার পথে নিয়ে গেলেন। আমি তাকিয়ে দেয়ালে একটা গর্ত দেখতে পেলাম।
8:8 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, দেয়ালের ঐ গর্তটা আরও বড় কর।” সেইজন্য আমি সেই গর্তটা বড় করলাম ও সেখানে একটা দরজা দেখতে পেলাম।
8:9 তিনি আমাকে বললেন, “তুমি ভিতরে গিয়ে তারা সেখানে যে সব খারাপ ও জঘন্য কাজ করছে তা দেখ।”
8:10 তাই আমি ভিতরে গিয়ে তাকালাম আর দেয়ালের সমস্ত জায়গায় সব রকম বুকে-হাঁটা প্রাণী ও নাপাক জীবজন্তুর চেহারা এবং বনি-ইসরাইলদের সমস্ত মূর্তির চেহারা খোদাই করা রয়েছে দেখতে পেলাম।
8:11 সেগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছেন বনি-ইসরাইলদের সত্তরজন বৃদ্ধ নেতা এবং তাঁদের মধ্যে দাঁড়িয়ে আছেন শাফনের ছেলে যাসনিয়। তাঁদের প্রত্যেকের হাতে একটা করে ধূপদানি ছিল এবং তা থেকে ধূপের ধোঁয়ার মেঘ উপর দিকে উঠছিল।
8:12 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা অন্ধকারে প্রত্যেকে নিজের নিজের ঘরে মূর্তির কাছে কি করছে তা কি তুমি বুঝতে পেরেছ? তারা বলছে, ‘মাবুদ আমাদের দেখেন না, কারণ তিনি দেশ ছেড়ে চলে গেছেন।’ ”
8:13 তিনি আবার বললেন, “এর চেয়েও বেশী জঘন্য কাজ তুমি তাদের করতে দেখবে।”
8:14 তারপর তিনি আমাকে মাবুদের ঘরের উত্তর দিকের দরজায় ঢুকবার পথে আনলেন, আর আমি দেখলাম স্ত্রীলোকেরা সেখানে বসে তাম্মাজ দেবতার জন্য কাঁদছে।
8:15 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এর চেয়েও বেশী জঘন্য জিনিস তুমি দেখতে পাবে।”
8:16 তারপর তিনি আমাকে মাবুদের ঘরের ভিতরের উঠানে নিয়ে গেলেন আর সেখানে বায়তুল-মোকাদ্দসে ঢুকবার মুখে বারান্দা ও কোরবানগাহের মাঝখানে প্রায় পঁচিশজন লোক ছিল। মাবুদের ঘরের দিকে পিছন ফিরে পূর্ব দিকে মুখ করে তারা সূর্যকে সেজদা করছিল।
8:17 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি এটা দেখলে? এহুদার লোকেরা যে জঘন্য কাজ এখানে করছে তা করা তাদের পক্ষে কি একটা সামান্য ব্যাপার? তারা জুলুমে দেশটা ভরে তুলেছে এবং অনবরত আমার রাগ খুঁচিয়ে তুলছে। দেখ, তারা আমাকে কি ভীষণ কুফরী করছে।
8:18 কাজেই আমি রাগে জ্বলে উঠে তাদের সংগে ব্যবহার করব; আমি তাদের মমতার চোখে দেখব না বা তাদের রেহাই দেব না। তারা আমার কানের কাছে চিৎকার করলেও আমি তাদের কথা শুনব না।”