Library · bn

Joel 1

1:1 পথূয়েলের ছেলে যোয়েলের উপর মাবুদের কালাম নাজেল হয়েছিল। 1:2 হে বৃদ্ধ লোকেরা, তোমরা এই কথা শোন; হে দেশে বাসকারী লোকেরা, তোমরা সবাই শোন। তোমাদের কিংবা তোমাদের পূর্বপুরুষদের সময়ে কি এই রকম ঘটনা কখনও ঘটেছে? 1:3 এই ঘটনার কথা তোমরা তোমাদের ছেলেমেয়েদের কাছে বল আর তারা তাদের ছেলেমেয়েদের কাছে বলুক এবং সেই ছেলেমেয়েরা তাদের বংশধরদের কাছে বলুক। 1:4 কামড়ানো পংগপালে যা রেখে গেছে তা ঝাঁক বাঁধা পংগপালে খেয়েছে; ঝাঁক বাঁধা পংগপালে যা রেখে গেছে তা ধ্বংসকারী পংগপালে খেয়েছে; ধ্বংসকারী পংগপালে যা রেখে গেছে তা লাফিয়ে চলা পংগপালে খেয়েছে। 1:5 ওহে মাতালেরা, জেগে ওঠো ও কান্নাকাটি কর। ওহে সমস্ত মদখোর, তোমরা টাটকা আংগুর-রসের মদের জন্য বিলাপ কর, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। 1:6 এক জাতি আমার দেশ আক্রমণ করেছে; সে শক্তিশালী ও তার সৈন্যেরা অসংখ্য। তার দাঁত সিংহের দাঁতের মত ও তার ছেদন্তদাঁত সিংহীর ছেদন্তদাঁতের মত। 1:7 সে আমার সব আংগুর লতা নষ্ট করেছে আর ডুমুর গাছগুলো ভেংগে ফেলেছে। সেগুলোর ছাল ছাড়িয়ে সে তা ফেলে দিয়েছে; তাতে ডালগুলো সব সাদা হয়ে গেছে। 1:8 হে আমার বান্দারা, যে যুবতী মেয়ে তার যৌবন কালের ভাবী স্বামীর মৃত্যুর জন্য চট পরে বিলাপ করছে তোমরা তার মতই বিলাপ কর। 1:9 মাবুদের ঘর থেকে শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী বাদ দেওয়া হয়েছে। যারা মাবুদের এবাদত-কাজ করে সেই ইমামেরা শোক করছে। 1:10 সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গেছে, মাটি শোক করছে, কারণ শস্য নষ্ট হয়েছে, নতুন আংগুর-রস শুকিয়ে গেছে ও তেল শেষ হয়ে আসছে। 1:11 ওহে চাষীরা, তোমরা লজ্জিত হও; তোমরা যারা আংগুর গাছের যত্ন কর, তোমরা গম ও যবের জন্য বিলাপ কর; কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়েছে। 1:12 আংগুর লতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ মরে যাচ্ছে; ডালিম, খেজুর ও আপেল গাছ, এমন কি, ক্ষেতের সব গাছ শুকিয়ে গেছে। সত্যিই লোকদের মধ্য থেকে আনন্দ ফুরিয়ে গেছে। 1:13 হে ইমামেরা, তোমরা চট পরে শোক প্রকাশ কর; কোরবানগাহে যারা এবাদত-কাজ কর তোমরা বিলাপ কর। যারা আমার আল্লাহ্‌র এবাদত কর তোমরা এসে চট পরে রাত কাটাও, কারণ তোমাদের আল্লাহ্‌র ঘরে শস্য-কোরবানী ও ঢালন-কোরবানী বন্ধ করা হয়েছে। 1:14 তোমরা পবিত্র রোজার ব্যবস্থা কর; একটা বিশেষ মাহ্‌ফিল ডাক। বৃদ্ধ নেতাদের ও দেশে বাসকারী সবাইকে তোমাদের মাবুদ আল্লাহ্‌র ঘরে ডেকে আন এবং মাবুদের কাছে কান্নাকাটি কর। 1:15 হায়, কি ভয়ংকর দিন! কারণ মাবুদের দিন কাছে এসে গেছে; ধ্বংসকারী দিন হিসাবে সেই দিনটা সর্বশক্তিমানের কাছ থেকে আসছে। 1:16 আমাদের চোখের সামনেই খাবার ও আমাদের আল্লাহ্‌র ঘর থেকে আনন্দ-উল্লাস কি বন্ধ হয়ে যায় নি? 1:17 মাটির ঢেলার নীচে বীজগুলো পচে গেছে। শস্যের ভাণ্ডার ধ্বংস হয়েছে, গোলাঘর সব ভেংগে ফেলা হয়েছে, কারণ শস্য ফুরিয়ে গেছে। 1:18 কিভাবে গরু-ভেড়াগুলো কোঁকাচ্ছে! গরুর পাল ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের চরে খাবার জায়গা নেই; ভেড়ার পালগুলো পর্যন্ত কষ্ট পাচ্ছে। 1:19 হে মাবুদ, আমি তোমাকেই ডাকছি, কারণ চরে খাবার জায়গাগুলো আগুনে গ্রাস করেছে আর আগুনের শিখা পুড়িয়ে ফেলেছে মাঠের সব গাছপালা। 1:20 এমন কি, বুনো পশুরাও তোমার কাছে কাঁদছে, কারণ পানির স্রোত শুকিয়ে গেছে আর চরে খাবার জায়গাগুলো আগুনে গ্রাস করেছে।