Library · bn

Jonah 3

3:1 পরে মাবুদের কালাম দ্বিতীয়বার ইউনুসের উপর নাজেল হল। 3:2 তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নিনেভেতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।” 3:3 মাবুদের কথামত ইউনুস নিনেভেতে গেলেন। নিনেভে ছিল খুব বড় একটা শহর; তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে সমস্ত জায়গায় যেতে তিন দিন লাগত। 3:4 ইউনুস সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নিনেভে ধ্বংস হয়ে যাবে।” 3:5 তখন নিনেভের লোকেরা আল্লাহ্‌র কথায় ঈমান আনল। তাই তারা রোজা ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল। 3:6 বাদশাহ্‌র কাছে সেই খবর পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন ছেড়ে উঠে তাঁর রাজপোশাক খুলে ফেললেন এবং ছালার চট পরে ছাইয়ের মধ্যে বসলেন। 3:7 তারপর তিনি নিনেভেতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই হুকুম ঘোষণা করালেন: “মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিংবা পানি না খাক। 3:8 মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে আল্লাহ্‌কে ডাকুক আর খারাপ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক। 3:9 কে জানে হয়তো বা আল্লাহ্‌ মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত রাগ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।” 3:10 তারা যা করেছিল এবং কেমন করে তাদের খারাপ পথ থেকে ফিরেছিল তা যখন আল্লাহ্‌ দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে ক্ষতি করবেন বলেছিলেন তা করলেন না।