Library · bn

Numbers 3

3:1 এই হল হারুন ও মূসার বংশের কথা যখন মাবুদ তুর পাহাড়ে মূসার সংগে কথা বলেছিলেন। 3:2 হারুনের ছেলেরা ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর। এঁদের মধ্যে নাদব ছিলেন বড়। ইমাম হিসাবে অভিষেক করে এঁদের এবাদত-কাজে বহাল করা হয়েছিল। 3:4 কিন্তু নাদব আর অবীহূ সিনাই মরুভূমিতে মাবুদের উদ্দেশে নিয়মের বাইরের আগুনে ধূপ জ্বালাবার সময় মাবুদের সামনেই মারা গিয়েছিলেন। তাঁদের কোন ছেলে ছিল না বলে ইলীয়াসর ও ইথামর তাঁদের পিতা বেঁচে থাকতেই ইমাম হিসাবে এবাদত-কাজ করেছিলেন। 3:5 পরে মাবুদ মূসাকে বললেন, 3:6 “লেবি-গোষ্ঠীর লোকদের ডেকে এনে হারুনের হাতে দাও যেন তারা তাকে সাহায্য করতে পারে। 3:7 তারা সমস্ত বনি-ইসরাইলদের হয়ে মিলন-তাম্বুতে হারুনের অধীনে আবাস-তাম্বুর কাজ করবে। 3:8 তারাই মিলন-তাম্বুর সাজ-সরঞ্জামের দেখাশোনা এবং আবাস-তাম্বুর কাজ করে বনি-ইসরাইলদের দায়িত্ব ও কর্তব্য পালন করবে। 3:9 লেবীয়দের তুমি হারুন ও তার ছেলেদের হাতে দিয়ে দাও। বনি-ইসরাইলদের মধ্য থেকে এদের সবাইকে হারুনের হাতে দিয়ে দিতে হবে। 3:10 ইমাম হিসাবে কাজ করবার জন্য তুমি হারুন ও তার ছেলেদের নিযুক্ত কর। তারা ছাড়া আর কেউ যদি ইমামের কাজ করতে যায় তবে তাকে হত্যা করা হবে।” 3:11 মাবুদ মূসাকে আরও বললেন, 3:12 “ইসরাইলীয় স্ত্রীলোকদের প্রথম ছেলের জায়গায় আমি বনি-ইসরাইলদের মধ্য থেকে লেবীয়দের নিয়েছি। লেবীয়রা আমার, 3:13 কারণ বনি-ইসরাইলদের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি বনি-ইসরাইলদের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য পবিত্র করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি মাবুদ।” 3:14 সিনাই মরুভূমিতে মাবুদ মূসাকে বললেন, 3:15 “তুমি পরিবার ও বংশ অনুসারে লেবীয়দের সংখ্যা গণনা কর। এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনা কর।” 3:16 মাবুদের হুকুম অনুসারে মূসা লেবীয়দের গণনা করলেন। 3:17 লেবির ছেলেদের নাম ছিল গের্শোন, কহাৎ ও মরারি। 3:18 গের্শোনের ছেলে লিব্‌নি ও শিমিয়ি ছিলেন দু’টি বংশের পিতা। 3:19 কহাতের ছেলে ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল ছিলেন চারটি বংশের পিতা। 3:20 মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়। 3:21 গের্শোন ছিলেন লিব্‌নি ও শিমিয়ি বংশের পূর্বপুরুষ। 3:22 এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা সাত হাজার পাঁচশো। 3:23 পশ্চিম দিকে আবাস-তাম্বুর পিছনে গের্শোনীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 3:24 গের্শোনীয় বংশগুলোর নেতা ছিলেন লায়েলের ছেলে ইলীয়াসফ। 3:25 মিলন-তাম্বু সম্বন্ধে গের্শোনীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বু, তার উপর বিছানো ছাগলের লোমের ঢাকন, তার উপরকার ছাউনি দু’টা, মিলন-তাম্বুতে ঢুকবার দরজার পর্দা, 3:26 উঠানের পর্দাগুলো, আবাস-তাম্বু ও কোরবানগাহের চারপাশে যে উঠান আছে সেখানে ঢুকবার দরজার পর্দা এবং আবাস-তাম্বুর সমস্ত দড়িগুলোর দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা। 3:27 কহাৎ ছিলেন ইমরান, যিষহর, হেবরন ও উষীয়েলের বংশের পূর্বপুরুষ। 3:28 এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা হল আট হাজার ছ’শো। পবিত্র তাম্বুর দেখাশোনার ভার ছিল কহাতীয়দের উপর। 3:29 আবাস-তাম্বুর দক্ষিণ দিকে কহাতীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 3:30 কহাতীয় বংশগুলোর নেতা ছিলেন উষীয়েলের ছেলে ইলীষাফণ। 3:31 কহাতীয়দের দায়িত্ব ছিল সাক্ষ্য-সিন্দুক, টেবিল, বাতিদান, কোরবানগাহ্‌ ও ধূপগাহ্‌, পবিত্র তাম্বুর এবাদত-কাজে ব্যবহারের জিনিসপত্র এবং মহাপবিত্র স্থানের পর্দার দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা। 3:32 লেবীয়দের প্রধান নেতা ছিলেন ইমাম হারুনের ছেলে ইলীয়াসর। পবিত্র তাম্বুর দেখাশোনা করবার ভার যাদের দেওয়া হয়েছিল তাদের দেখাশোনা করবার জন্য ইলীয়াসরকে নিযুক্ত করা হয়েছিল। 3:33 মরারি ছিলেন মহলি ও মূশির বংশের পূর্বপূরুষ। 3:34 এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা ছয় হাজার দু’শো। 3:35 মরারীয় বংশগুলোর নেতা ছিলেন অবীহয়িলের ছেলে সূরীয়েল। আবাস-তাম্বুর উত্তর দিকে তাদের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 3:36 মরারীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বুর ফ্রেম, তার হুড়কা, খুঁটি, পা-দানি ও তার সমস্ত জিনিসপত্র, 3:37 চারদিকের উঠানের খুঁটি আর পা-দানি, উঠানের পর্দার গোঁজ ও দড়িগুলো দেখাশোনা করা এবং এগুলোর সংগেকার অন্য সব কাজ করা। 3:38 মিলন-তাম্বুর সামনে, অর্থাৎ আবাস-তাম্বুর পূর্ব দিকে মূসা, হারুন ও তাঁর ছেলেদের তাম্বু ফেলতে বলা হয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল বনি-ইসরাইলদের হয়ে পবিত্র তাম্বুর সমস্ত কাজ পরিচালনা করা। তাঁরা ছাড়া আর কেউ পবিত্র তাম্বুর কাছে গেলে তাকে হত্যা করতে বলা হয়েছিল। 3:39 মাবুদের হুকুমে বংশ অনুসারে মূসা ও হারুনের গণনা করা লেবীয় পুরুষদের মোট সংখ্যা হয়েছিল বাইশ হাজার। এরা প্রত্যেকেই ছিল এক মাস ও তার বেশী বয়সের। 3:40 এর পর মাবুদ মূসাকে বললেন, “তুমি বনি-ইসরাইলদের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরী কর। 3:41 বনি-ইসরাইলদের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং বনি-ইসরাইলদের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা আমার বলে ধরে নেবে। আমি মাবুদ।” 3:42 মাবুদের দেওয়া হুকুম অনুসারে মূসা বনি-ইসরাইলদের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব পুরুষদের গণনা করলেন। 3:43 প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের পুরুষদের নাম লিখবার পর দেখা গেল যে, তাদের মোট সংখ্যা বাইশ হাজার দু’শো তিয়াত্তর। 3:44 মাবুদ মূসাকে আরও বললেন, 3:45 “তুমি বনি-ইসরাইলদের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং বনি-ইসরাইলদের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা ধরে নেবে। লেবীয়রা হবে আমার; আমি মাবুদ। 3:46 লেবীয়দের মোট সংখ্যার চেয়ে বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তানদের সংখ্যা দু’শো তিয়াত্তর জন বেশী বলে তাদের প্রত্যেককে ছাড়িয়ে নেবার জন্য তুমি জনপ্রতি দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল করে রূপা আদায় করবে। 3:48 তাদের ছাড়িয়ে নেবার এই রূপা তুমি হারুন ও তার ছেলেদের দিয়ে দেবে।” 3:49 লেবীয়দের দিয়ে বনি-ইসরাইলদের ছাড়িয়ে নেবার পরে বনি-ইসরাইলদের যে সংখ্যাটা বাড়তি রইল মূসা তাদের ছাড়িয়ে নেবার রূপা আদায় করলেন। 3:50 বনি-ইসরাইলদের প্রথম পুরুষ সন্তানদের কাছ থেকে তিনি ধর্মীয় মাপের ওজন অনুসারে তের কেজি ছ’শো পঞ্চাশ গ্রাম রূপা আদায় করলেন। 3:51 মূসা মাবুদের হুকুম অনুসারে এই ছাড়িয়ে নেবার রূপা হারুন ও তাঁর ছেলেদের দিলেন।