Library · bn

Numbers 33

33:1 মূসা ও হারুনের পরিচালনায় বনি-ইসরাইলরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন জায়গায় থেমে থেমে চলছিল। 33:2 যাত্রাপথে তারা যে সমস্ত জায়গায় থেমেছিল মাবুদের হুকুমে মূসা তা লিখে রাখলেন। তারা যে সমস্ত জায়গায় থেমেছিল তা এই: 33:3 উদ্ধার-ঈদের পরের দিন বছরের প্রথম মাসের পনেরো তারিখে বনি-ইসরাইলরা রামিষেষ থেকে যাত্রা শুরু করেছিল। সমস্ত মিসরীয়দের চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে তারা বের হয়ে গিয়েছিল। 33:4 মিসরীয়রা তখন তাদের প্রথম ছেলেদের দাফন করছিল। মাবুদ তাদের প্রথম সন্তানদের হত্যা করেছিলেন এবং তাদের দেব-দেবীদের উপর গজব নাজেল করেছিলেন। 33:5 বনি-ইসরাইলরা রামিষেষ ছেড়ে এসে সুক্কোতে ছাউনি ফেলেছিল। 33:6 তারপর তারা সুক্কোৎ ছেড়ে গিয়ে মরুভূমির ধারে এথম বলে একটি জায়গায় তাদের ছাউনি ফেলেছিল। 33:7 এথম ছেড়ে তারা বাল-সফোনের সামনে পী-হহীরোতে ফিরে এসে মিগ্‌দোলের কাছে ছাউনি ফেলেছিল। 33:8 তারা পী-হহীরোৎ ছেড়ে সাগর পার হয়ে এথম মরুভূমিতে গিয়ে উঠেছিল এবং তার মধ্য দিয়ে তিন দিনের পথ গিয়ে মারাতে ছাউনি ফেলেছিল। 33:9 মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা পানির ঝর্ণা ও সত্তরটা খেজুর গাছ ছিল। 33:10 পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:11 তারপর তারা সুয়েজ উপসাগরের কাছ থেকে গিয়ে সিন মরুভূমিতে ছাউনি ফেলেছিল। 33:12 সিন মরুভূমি ছেড়ে তারা দপ্‌কাতে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:13 দপ্‌কা ছেড়ে তারা আলূশে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:14 আলূশ ছেড়ে তারা রফীদীমে গিয়ে ছাউনি ফেলেছিল। এখানে লোকদের জন্য কোন খাবার পানি ছিল না।