Library · bn

Matthew 4

4:1 এর পরে পাক-রূহ্‌ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। 4:2 সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখবার পর ঈসার খিদে পেল। 4:3 তখন শয়তান এসে তাঁকে বলল, “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌ হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।” 4:4 ঈসা জবাবে বললেন, “পাক-কিতাবে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু আল্লাহ্‌র মুখের প্রত্যেকটি কালামেই বাঁচে।” 4:5 তখন ইবলিস ঈসাকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং বায়তুল-মোকাদ্দসের চূড়ার উপর তাঁকে দাঁড় করিয়ে বলল, 4:6 “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌ হও তবে লাফ দিয়ে নীচে পড়, কারণ পাক-কিতাবে লেখা আছে, আল্লাহ্‌ তাঁর ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন; তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।” 4:7 ঈসা ইবলিসকে বললেন, “আবার এই কথাও লেখা আছে, তোমার মাবুদ আল্লাহ্‌কে তুমি পরীক্ষা করতে যেয়ো না।” 4:8 তখন ইবলিস আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল, 4:9 “তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা কর তবে এই সবই আমি তোমাকে দেব।” 4:10 তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহ্‌কেই ভয় করবে, কেবল তাঁরই এবাদত করবে।” 4:11 তখন ইবলিস তাঁকে ছেড়ে চলে গেল, আর ফেরেশতারা এসে তাঁর সেবা করতে লাগলেন। 4:12 পরে ঈসা শুনলেন ইয়াহিয়াকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তখন তিনি গালীলে চলে গেলেন এবং নাসরত গ্রাম ছেড়ে সবূলূন ও নপ্তালি এলাকার মধ্যে সাগর পারের কফরনাহূম শহরে গিয়ে রইলেন। 4:14 এটা হল যাতে নবী ইশাইয়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: 4:15 সবূলূন ও নপ্তালি এলাকার, সমুদ্রের দিকের, জর্ডানের অন্য পারের এবং অ-ইহুদীদের গালীলের 4:16 যে লোকেরা অন্ধকারে বাস করে, তারা মহানূর দেখতে পাবে। যারা ঘন অন্ধকারের দেশে বাস করে, তাদের কাছে আলো প্রকাশিত হবে। 4:17 সেই সময় থেকে ঈসা এই বলে তবলিগ করতে লাগলেন, “তওবা কর, কারণ বেহেশতী রাজ্য কাছে এসে গেছে।” 4:18 ঈসা গালীল সাগরের পার দিয়ে যাবার সময় শিমোন, যাঁকে পিতর বলা হয় আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন জেলে। 4:19 ঈসা তাঁদের বললেন, “আমার সংগে চল, আমি তোমাদের মানুষ-ধরা জেলে করব।” 4:20 তখনই তাঁরা জাল ফেলে রেখে ঈসার সংগে গেলেন। 4:21 সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি ইয়াকুব ও ইউহোন্না নামে অন্য দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা ছিলেন সিবদিয়ের ছেলে। তাঁদের বাবা সিবদিয়ের সংগে নৌকায় বসে তাঁরা জাল ঠিক করছিলেন। ঈসা সেই দুই ভাইকেও ডাকলেন। 4:22 তাঁরা তখনই তাঁদের নৌকা ও বাবাকে ছেড়ে ঈসার সংগে গেলেন। 4:23 গালীল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ইহুদীদের ভিন্ন ভিন্ন মজলিস-খানায় ঈসা শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি বেহেশতী রাজ্যের সুসংবাদ তবলিগ করতে এবং লোকদের সব রকম রোগ ভাল করতে লাগলেন। 4:24 সমস্ত সিরিয়া দেশে তাঁর কথা ছড়িয়ে পড়ল। যে সব লোকেরা নানা রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের ভূতে ধরেছিল এবং যারা মৃগী ও অবশ-রোগে ভুগছিল, লোকেরা তাদের ঈসার কাছে আনল। তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। 4:25 গালীল, দেকাপলি, জেরুজালেম, এহুদিয়া এবং জর্ডানের অন্য পার থেকে অনেক লোক ঈসার পিছনে পিছনে চলল।