Galatians 6
6:1 ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ কোন গুনাহে পড়ে যায়, তবে তোমরা যারা পাক-রূহের অধীনে চলাফেরা করছ তোমরা তাকে তুলে এনো। তবে খুব নরম মনোভাব নিয়ে তোমরা এই কাজ কোরো এবং নিজের বিষয় সতর্ক থেকো, যাতে তোমরাও গুনাহে না পড়।
6:2 তোমরা একে অন্যের ভার বয়ে নিয়ো। এইভাবেই তোমরা মসীহের আইন পালন করতে পারবে।
6:3 কিছু না হয়েও যদি কেউ নিজেকে বিশেষ কিছু বলে মনে করে তবে তো সে নিজেকে ঠকায়।
6:4 প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক। তাহলে অন্যের সংগে নিজের তুলনা না করে তার নিজের কাজের জন্য সে গর্ববোধ করতে পারবে,
6:5 কারণ প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব বয়ে নেওয়া।
6:6 যাকে আল্লাহ্র কালাম শিক্ষা দেওয়া হয় সে যেন তার ওস্তাদকে তার সব ভাল জিনিসের ভাগ দেয়।
6:7 তোমরা ভুল কোরো না, আল্লাহ্র সংগে তামাশা চলে না; কারণ যে যা বুনবে সে তা-ই কাটবে।
6:8 গুনাহ্-স্বভাবকে খুশী করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে। কিন্তু পাক-রূহ্কে খুশী করবার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে।
6:9 আমরা যেন সৎকাজ করতে করতে ভেংগে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব।
6:10 সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে আল্লাহ্র পরিবারের লোকদের উপকার করি।
6:11 দেখ, কত বড় বড় অক্ষরে আমি নিজের হাতে তোমাদের কাছে লিখছি।
6:12 যারা বাইরে নিজেদের ভাল দেখাতে চায় তারাই খৎনা করাবার জন্য তোমাদের বাধ্য করতে চেষ্টা করছে। মসীহের ক্রুশের জন্য যেন তাদের উপর জুলুম না আসে সেইজন্যই তারা এই রকম করছে।
6:13 যাদের খৎনা করানো হয়েছে তারাও তো শরীয়ত পালন করে না। তবুও তারা তোমাদের খৎনা করাতে চায় যেন এই বলে গর্ব করতে পারে যে, তোমরাও তাদের দলে এসেছ।
6:14 হযরত ঈসা মসীহের ক্রুশ ছাড়া আমি যেন আর কিছুতে গর্ববোধ না করি। এই ক্রুশের মধ্য দিয়েই দুনিয়া আমার কাছে মরে গেছে এবং আমিও দুনিয়ার কাছে মরে গেছি।
6:15 খৎনা করানো বা না করানোর কোন দামই নেই, মসীহের মধ্য দিয়ে নতুন সৃষ্টি হয়ে ওঠাই হল বড় কথা।
6:16 যারা এই নিয়মে চলে তাদের, অর্থাৎ আল্লাহ্র আসল ইসরাইলীয়দের তিনি শান্তি ও মমতা দান করুন।
6:17 শেষে বলি, কেউ আমাকে কষ্ট না দিক, কারণ ঈসার আঘাতের চিহ্ন আমি আমার শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছি।
6:18 ভাইয়েরা, আমাদের হযরত ঈসা মসীহের রহমত তোমাদের দিলে থাকুক। আমিন। ॥ভব