Library · bn

Revelation 15

15:1 পরে আমি বেহেশতে আর একটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। দেখলাম, সাতজন ফেরেশতা আর তাঁদের হাতে শেষ সাতটা গজব। এগুলোকে শেষ গজব বলা হচ্ছে, কারণ এগুলো দিয়ে আল্লাহ্‌র রাগেরও শেষ হবে। 15:2 তারপর আমি আগুন মেশানো কাচের একটা সমুদ্রের মত দেখলাম, আর যারা সেই জন্তু ও তার মূর্তি এবং তার নামের সংখ্যার উপরে জয়লাভ করেছে তাদেরও দেখলাম। আল্লাহ্‌র দেওয়া বীণা হাতে করে তারা সেই কাচের সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল। 15:3 তারা আল্লাহ্‌র গোলাম মূসার এবং সেই মেষ-শাবকের এই কাওয়ালীটি গাইছিল: “হে সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্‌, কত মহান ও আশ্চর্য তোমার কাজ! হে সমস্ত জাতির বাদশাহ্‌, কত ন্যায় ও সত্য তোমার পথ! 15:4 হে মাবুদ, কে না তোমাকে ভয় করবে? কে না তোমার নামের প্রশংসা করবে? কেবল তুমিই তো পবিত্র। সমস্ত জাতি তোমার কাছে আসবে, সবাই তোমার এবাদত করবে; কারণ তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।” 15:5 এর পরে আমি দেখলাম, বেহেশতে সেই এবাদত-খানাটি, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা খোলা হল। 15:6 তখন সেই সাতজন ফেরেশতা সাতটা গজব নিয়ে এবাদত-খানা থেকে বের হয়ে আসলেন। তাঁদের পরনে ছিল পরিষ্কার ঝক্‌ঝকে কাপড় আর বুকে বাঁধা ছিল সোনার পটি। 15:7 সেই চারজন প্রাণীর একজন সেই সাতজন ফেরেশতাকে সাতটা সোনার পেয়ালা দিলেন। আল্লাহ্‌, যিনি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছেন, সেই পেয়ালাগুলো তাঁর রাগে পূর্ণ ছিল। 15:8 আল্লাহ্‌র মহিমা ও কুদরত থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়ায় এবাদত-খানাটি পূর্ণ হল। সেই সাতজন ফেরেশতার সাতটা গজব শেষ না হওয়া পর্যন্ত কেউ সেই এবাদত-খানায় ঢুকতে পারল না।