Library · bn

Revelation 5

5:1 যিনি সেই সিংহাসনের উপর বসে ছিলেন তাঁর ডান হাতে আমি একটা কিতাব দেখলাম। কিতাবটার ভিতরে ও বাইরে লেখা ছিল এবং সাতটা মোহর দিয়ে সীলমোহর করা ছিল। 5:2 পরে আমি একজন শক্তিশালী ফেরেশতাকে জোর গলায় এই কথা বলতে শুনলাম, “কে এই সীলমোহরগুলো ভেংগে কিতাবটা খুলবার যোগ্য?” 5:3 কিন্তু বেহেশতে বা দুনিয়াতে কিংবা দুনিয়ার গভীরে কেউই সেই কিতাবটা খুলতে পারল না, ভিতরে দেখতেও পারল না। 5:4 তখন আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকে পাওয়া গেল না যে ঐ কিতাবটা খুলবার বা দেখবার যোগ্য। 5:5 পরে নেতাদের মধ্যে একজন আমাকে বললেন, “কেঁদো না। এহুদা বংশের সিংহ, যিনি দাউদের বংশধর, তিনি জয়ী হয়েছেন। তিনিই ঐ সাতটা সীলমোহর ভেংগে কিতাবটা খুলতে পারেন।” 5:6 চারজন প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল তার উপর একটি মেষ-শাবককে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার মনে হচ্ছিল যেন সেই মেষ-শাবককে মেরে ফেলা হয়েছিল। ঐ মেষ-শাবকের সাতটা শিং ও সাতটা চোখ ছিল। আল্লাহ্‌র যে সাতটি রূহ্‌কে দুনিয়ার সব জায়গায় পাঠানো হয় এই চোখগুলো ছিল সেই সাতটি রূহ্‌। 5:7 পরে সেই মেষ-শাবক এসে যিনি সিংহাসনে বসে ছিলেন তাঁর ডান হাত থেকে কিতাবটা নিলেন। 5:8 কিতাবটা নেবার পর সেই চারজন প্রাণী ও চব্বিশজন নেতা মেষ-শাবকের সামনে উবুড় হলেন। তাঁদের প্রত্যেকের হাতে একটা করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার পেয়ালা ছিল। সেই ধূপে পূর্ণ পেয়ালাগুলো হল আল্লাহ্‌র বান্দাদের মুনাজাত। 5:9 তাঁরা এই নতুন কাওয়ালীটি গাইছিলেন: “তুমিই ঐ কিতাবটা নিয়ে তার সীলমোহরগুলো খুলবার যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে আল্লাহ্‌র জন্য লোকদের কিনেছ। 5:10 তুমি তাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছ এবং আমাদের আল্লাহ্‌র এবাদত-কাজ করবার জন্য ইমাম করেছ। দুনিয়াতে তারাই রাজত্ব করবে।” 5:11 পরে আমি চেয়ে দেখলাম; আর আমি সেই সিংহাসন, প্রাণী ও নেতাদের চারদিকে অনেক ফেরেশতার কণ্ঠস্বর শুনলাম। সেই ফেরেশতারা ছিলেন সংখ্যায় হাজার হাজার, কোটি কোটি। 5:12 তাঁরা জোরে জোরে এই কথা বলছিলেন: “যে মেষ-শাবককে মেরে ফেলা হয়েছিল, তিনিই ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান, গৌরব ও প্রশংসা পাবার যোগ্য।” 5:13 তারপর বেহেশতে, দুনিয়াতে, দুনিয়ার গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমন কি, সেগুলোর মধ্যে আর যা কিছু আছে সকলকে আমি এই কথা বলতে শুনলাম: “সিংহাসনের উপরে যিনি বসে আছেন তাঁর এবং সেই মেষ-শাবকের প্রশংসা, সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক।” 5:14 সেই চারজন প্রাণী বললেন, “আমিন।” তারপর সেই নেতারা উবুড় হয়ে সেজদা করলেন।