Library · bn

Revelation 7

7:1 এর পর আমি চারজন ফেরেশতাকে দুনিয়ার চার কোণায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁরা দুনিয়ার চার কোণের বাতাস আট্‌কে রাখছিলেন, যেন দুনিয়া, সমুদ্র কিংবা কোন গাছের উপরে বাতাস না বয়। 7:2 পরে আমি আর একজন ফেরেশতাকে পূর্ব দিক থেকে উঠে আসতে দেখলাম। তাঁর কাছে জীবন্ত আল্লাহ্‌র সীলমোহর ছিল। যে চারজন ফেরেশতাকে দুনিয়া ও সমুদ্রের ক্ষতি করবার ক্ষমতা দেওয়া হয়েছিল সেই চারজন ফেরেশতাকে তিনি খুব জোরে চিৎকার করে বললেন, 7:3 “আমাদের আল্লাহ্‌র গোলামদের কপালে সীলমোহর না দেওয়া পর্যন্ত দুনিয়া, সমুদ্র বা গাছপালার ক্ষতি কোরো না।” 7:4 তারপর আমি সেই সীলমোহর করা লোকদের সংখ্যা শুনলাম। বনি-ইসরাইলদের সমস্ত বংশের মধ্য থেকে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর করা হয়েছিল: 7:5 এহুদার বংশের মধ্য থেকে বারো হাজার। রূবেণের বংশের মধ্য থেকে বারো হাজার। গাদের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:6 আশেরের বংশের মধ্য থেকে বারো হাজার। নপ্তালির বংশের মধ্য থেকে বারো হাজার। মানশার বংশের মধ্য থেকে বারো হাজার। 7:7 শিমিয়োনের বংশের মধ্য থেকে বারো হাজার। লেবির বংশের মধ্য থেকে বারো হাজার। ইষাখরের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:8 সবূলূনের বংশের মধ্য থেকে বারো হাজার। ইউসুফের বংশের মধ্য থেকে বারো হাজার। বিন্‌ইয়ামীনের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:9 এর পরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে, তাদের সংখ্যা কেউ গুণতে পারল না। সাদা পোশাক পরে তারা সেই সিংহাসন ও মেষ-শাবকের সামনে খেজুর পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। 7:10 তারা জোরে চিৎকার করে বলছিল: “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই আল্লাহ্‌ এবং মেষ-শাবকের হাতেই গুনাহ্‌ থেকে নাজাত রয়েছে।” 7:11 তারপর ফেরেশতারা সকলেই সেই সিংহাসনের, নেতাদের ও চারজন প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তাঁরা সিংহাসনের সামনে উবুড় হয়ে আল্লাহ্‌কে সেজদা করে বললেন, 7:12 “আমিন। প্রশংসা, গৌরব, জ্ঞান, শুকরিয়া, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের আল্লাহ্‌রই হোক। আমিন।” 7:13 তখন একজন নেতা আমাকে বললেন, “সাদা পোশাক পরা এই সব লোক কারা? আর কোথা থেকেই বা তারা এসেছে?” 7:14 আমি তাঁকে বললাম, “দেখুন, তা আপনিই জানেন।” তিনি আমাকে বললেন, “সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ-শাবকের রক্তে ধুয়ে সাদা করেছে। 7:15 সেইজন্য এরা আল্লাহ্‌র সিংহাসনের সামনে আছে আর বেহেশতের এবাদত-খানায় এরা দিনরাত তাঁর এবাদত করছে। যিনি সিংহাসনের উপরে বসে আছেন তিনিই এদের উপরে তাঁর তাম্বু খাটাবেন। 7:16 এদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না; সূর্যের তেজ এদের গায়ে আর লাগবে না, ভীষণ গরমও লাগবে না, 7:17 কারণ সেই মেষ-শাবক যিনি সিংহাসনের উপরে আছেন তিনিই এদের রাখাল হবেন। জীবন্ত পানির ঝর্ণা কাছে তিনি এদের নিয়ে যাবেন, আর আল্লাহ্‌ এদের চোখের পানি মুছে দেবেন।”