Library · bn

Judges 10

10:1 আবিমালেকের পরে তোলয় নামে ইষাখর-গোষ্ঠীর একজন লোক বনি-ইসরাইলদের রক্ষা করতে আসলেন। তোলয় ছিলেন পূয়ার ছেলে আর দোদয়ের নাতি। আফরাহীমের পাহাড়ী এলাকার শামীরে তিনি বাস করতেন। 10:2 তিনি তেইশ বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। পরে তিনি ইন্তেকাল করলেন এবং শামীরেই তাঁকে দাফন করা হল। 10:3 তোলয়ের পরে গিলিয়দ এলাকার যায়ীর বাইশ বছর বনি-ইসরাইলদের শাসনকর্তা ছিলেন। 10:4 যায়ীরের ত্রিশজন ছেলে ছিল; তারা ত্রিশটা গাধায় চড়ে বেড়াত। গিলিয়দের ত্রিশটা গ্রাম তাদের অধীনে ছিল। আজও সেই গ্রামগুলোকে হবোৎ-যায়ীর বলা হয়। 10:5 যায়ীর ইন্তেকাল করলে পর তাঁকে কামোনে দাফন করা হল। 10:6 পরে বনি-ইসরাইলরা মাবুদের চোখে যা খারাপ আবার তা-ই করতে লাগল। তারা বাল-দেবতাদের এবং অষ্টারোৎ দেবীদের এবং সিরীয়, সিডনীয়, মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনীদের দেব-দেবীদের পূজা করতে লাগল। এইভাবে বনি-ইসরাইলরা মাবুদকে ত্যাগ করল এবং তাঁর এবাদত করল না। 10:7 সেইজন্য তিনি তাদের উপর রাগে জ্বলে উঠলেন এবং ফিলিস্তিনী ও অম্মোনীয়দের হাতে তাদের তুলে দিলেন। 10:8 সেই বছরে তারা বনি-ইসরাইলদের যেন দলে-পিষে মারল। তারা জর্ডানের পূর্ব দিকে আমোরীয়দের দেশ গিলিয়দে বাসকারী বনি-ইসরাইলদের আঠারো বছর ধরে কষ্ট দিয়েছিল। 10:9 এহুদা, বিন্‌ইয়ামীন ও আফরাহীম-গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অম্মোনীয়রা জর্ডান পার হয়ে আসল। তখন বনি-ইসরাইলরা মহা কষ্টে পড়ল। 10:10 তারা মাবুদের কাছে ফরিয়াদ জানিয়ে বলল, “আমাদের আল্লাহ্‌কে ত্যাগ করে বাল-দেবতাদের পূজা করে সত্যি আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি।” 10:11 জবাবে মাবুদ বনি-ইসরাইলদের বললেন, “মিসরীয়, আমোরীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনীদের হাত থেকে আমি কি তোমাদের উদ্ধার করি নি? 10:12 যখন সিডনীয়, আমালেকীয় এবং মায়োনীয়দের জুলুমে তোমরা সাহায্যের জন্য আমার কাছে ফরিয়াদ জানিয়েছিলে তখন তাদের হাত থেকেও আমি তোমাদের উদ্ধার করেছি। 10:13 কিন্তু তোমরা আমাকে ত্যাগ করে দেবতাদের পূজা করেছ, সেইজন্য আর আমি তোমাদের উদ্ধার করব না। 10:14 যে দেব-দেবীদের তোমরা বেছে নিয়েছিলে তাদের কাছে গিয়ে কাঁদ। বিপদের সময়ে তারাই তোমাদের উদ্ধার করুক।” 10:15 কিন্তু বনি-ইসরাইলরা মাবুদকে বলল, “আমরা গুনাহ্‌ করেছি। তোমার যা ভাল মনে হয় আমাদের প্রতি তা-ই কোরো, কিন্তু দয়া করে এবার তুমি আমাদের রক্ষা কর।” 10:16 এর পর তাদের মধ্যে অন্য জাতিদের যে সব দেব-দেবী ছিল তাদের দূর করে দিয়ে তারা মাবুদের এবাদত করতে লাগল। বনি-ইসরাইলদের কষ্ট দেখে মাবুদের মনে দুঃখ হল। 10:17 এর পর যুদ্ধে যাবার জন্য অম্মোনীয়দের ডাক পড়ল আর তাতে তারা গিয়ে গিলিয়দে ছাউনি ফেলল। এতে ইসরাইলীয়রাও জমায়েত হয়ে মিসপাতে গিয়ে তাদের ছাউনি ফেলল। 10:18 গিলিয়দের নেতারা একে অন্যকে বলল, “যে লোক অম্মোনীয়দের প্রথমে হামলা করবে সে-ই গিলিয়দের বাসিন্দাদের কর্তা হবে।”