Library · bn

Judges 5

5:1 সেই দিন দবোরা আর অবীনোয়মের ছেলে বারক এই কাওয়ালী গাইলেন: 5:2 ইসরাইলের নেতারা যুদ্ধে লোকদের পরিচালনা করলেন, আর লোকেরাও নিজের ইচ্ছায় এগিয়ে গেল। আলহামদুলিল্লাহ্‌! 5:3 ওহে বাদশাহ্‌রা, আপনারা শুনুন; ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন; আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার গজল গাইব। 5:4 হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে রওনা হলে, ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে, তখন দুনিয়া কেঁপে উঠল আর আসমান থেকে মেঘ পানিধারা ঢেলে দিল। 5:5 তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র সামনে তুর পাহাড় কেঁপে উঠল। 5:6 অনাতের ছেলে শম্‌গর আর যায়েলের সময়ে সদর রাস্তা ছেড়ে পথিকেরা ঘুর পথে চলত। 5:7 তখন বনি-ইসরাইলদের গ্রামে কেউ বাস করত না; যতদিন না আমি দবোরা বনি-ইসরাইলদের মায়ের মত হলাম, ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল। 5:8 তারা যখন নতুন দেব-দেবীর দিকে মন দিল তখন তাদের শহর-দরজার কাছে যুদ্ধ হল। চল্লিশ হাজার ইসরাইলীয়দের হাতে একটা ঢালও ছিল না, একটা বর্শাও ছিল না। 5:9 আমার মন চলে গেল ইসরাইলের সেই সব নেতাদের কাছে যারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল; আলহামদুলিল্লাহ্‌! 5:10 তোমরা যারা সাদা গাধীর উপর চড়ে আর কম্বলের গদির উপর বসে রাস্তা দিয়ে যাচ্ছ, তোমরা এই সব বিষয় নিয়ে কাওয়ালী গাও। 5:11 শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে; তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্য মাবুদের উদ্ধার-কাজের কথা বলছে। এসব শুনে মাবুদের বান্দারা শহরের দরজাগুলোর কাছে গেল। 5:12 জাগো দবোরা, জাগো! জাগো, জাগো, কাওয়ালী গাও। ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো; যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও। 5:13 তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল; মাবুদের বান্দারা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে। 5:14 কিছু লোক আসল আফরাহীম থেকে যেখানে আমালেকীয়রা বাস করত; তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে। মাখীর থেকে নেতারা আসলেন, আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে। 5:15 ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন; ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেল বারকের পিছে পিছে। রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল। 5:16 হে রূবেণের লোকেরা, কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে? তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে? রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল। 5:17 গিলিয়দের লোকেরা রয়ে গেল জর্ডানের ওপারে। দান-গোষ্ঠী কেন রয়ে গেল জাহাজের কাছে? আশের-গোষ্ঠীর লোকেরা সাগরের পারে রয়ে গেল; তারা বন্দরের কাছেই রয়ে গেল। 5:18 যুদ্ধে সবূলূনের লোকেরা জীবনের ঝুঁকি নিল; যুদ্ধের মাঠের উঁচু জায়গাগুলোতে নপ্তালির লোকেরাও জীবনের ঝুঁকি নিল। 5:19 বাদশাহ্‌রা, কেনানের বাদশাহ্‌রা এসে যুদ্ধ করল; মগিদ্দোর পানির কাছে তানকে তারা যুদ্ধ করল, কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না। 5:20 আসমান থেকে তারাগুলোই যুদ্ধ করল, নিজের নিজের বাঁধা পথে থেকে যুদ্ধ করল সীষরার বিরুদ্ধে। 5:21 সেই পুরাকালের নদীর পানি, সেই কীশোন নদীর পানি শত্রুদের ভাসিয়ে নিয়ে গেল। হে আমার দিল, শক্ত হয়ে এগিয়ে চল। 5:22 তারপর মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের ঘায়ে আর শক্তিশালী ঘোড়াগুলো চলল খট্‌-খটা-খট্‌ করে। 5:23 মাবুদের ফেরেশতা বললেন, “মেরোসকে বদদোয়া দাও, ভীষণভাবে বদদোয়া দাও সেখানকার লোকদের; তারা কেউ যুদ্ধে মাবুদের সংগে যোগ দেয় নি, যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে। 5:24 ধন্যা কেনীয় হেবরের স্ত্রী যায়েল, ধন্যা সে স্ত্রীলোকদের মধ্যে; সে তাম্বুবাসী স্ত্রীলোকদের মধ্যে ধন্যা । 5:25 সীষরা পানি চাইলে সে তাকে এনে দিল দুধ; সুন্দর বাটিতে করে এনে দিল ঘন করা দুধ। 5:26 পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ, আর ডান হাতে ধরল কামারের হাতুড়ী; সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিল আর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা। 5:27 তার পায়ের কাছে সীষরা পড়ে গেল আর যেখানে পড়ল সেখানেই সে পড়ে রইল; তার পায়ের কাছে যেখানে সে পড়েছিল সেখানেই সে মরে গেল। 5:28 সীষরার মা জানালা দিয়ে চেয়ে দেখল, জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল, “তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে? তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?” 5:29 তার বুদ্ধিমতী সংগিনীরা এর জবাব দিল; সেও মনে মনে বলতে লাগল, 5:30 “নিশ্চয়ই তারা লুটের জিনিস পেয়েছে আর ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে; প্রত্যেক পুরুষের জন্য একটা বা দু’টা করে মেয়ে আর সীষরার জন্য রংগীন পোশাক, ফুল তোলা রংগীন পোশাক, গলার চারপাশে সুন্দর করে ফুল তোলা পোশাক- এ সবই কি তারা লুট হিসাবে পায় নি?” 5:31 হে মাবুদ, তোমার শত্রুরা সকলেই এভাবে ধ্বংস হয়ে যাক; কিন্তু যারা তোমাকে মহব্বত করে তারা যেন সূর্যের মত শক্তিমান হয়ে ওঠে। এর পর দেশে চল্লিশ বছর শান্তি ছিল।