2 Samuel 1
1:1 শৌলের মৃত্যুর পর দায়ূদ অমালেকীয়দের হারিয়ে দিয়ে সিক্লগে ফিরে আসলেন এবং সেখানে দু’দিন রইলেন।
1:2 তৃতীয় দিনে শৌলের সৈন্য-ছাউনি থেকে একজন লোক দায়ূদের কাছে আসল। শোকের চিহ্ন হিসাবে তার গায়ের কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং মাথায় ধুলা ছিল। সে দায়ূদের কাছে গিয়ে মাটিতে পড়ে তাঁকে প্রণাম করল।
1:3 দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি ইস্রায়েলীয়দের ছাউনি থেকে পালিয়ে এসেছি।”
1:4 দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “কি হয়েছে? আমাকে বল।” সে বলল, “লোকেরা যুদ্ধের জায়গা থেকে পালিয়ে গেছে। অনেকে মারা গেছে আর শৌল ও তাঁর ছেলে যোনাথনও মারা গেছেন।”
1:5 যে যুবকটি এই খবর এনেছিল দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি করে জানলে যে, শৌল ও তাঁর ছেলে যোনাথন মারা গেছেন?”
1:6 যুবকটি তাঁকে বলল, “আমি সেই সময় গিল্বোয় পাহাড়ে ছিলাম আর শৌল তখন তাঁর বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রথ এবং ঘোড়সওয়ারেরা প্রায় তাঁর উপর এসে পড়েছিল।
1:7 তিনি পিছন ফিরে আমাকে দেখতে পেয়ে ডাক দিলেন। আমি বললাম, ‘এই তো আমি।’
1:8 তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কে?’ উত্তরে আমি বললাম, ‘আমি একজন অমালেকীয়।’
1:9 তিনি আমাকে বললেন, ‘দয়া করে আমার কাছে এসে আমাকে মেরে ফেল, কারণ আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে কিন্তু আমি এখনও বেঁচে আছি।’
1:10 কাজেই আমি তাঁর কাছে গিয়ে তাঁকে মেরে ফেললাম। আমি বুঝতে পারলাম যে, তাঁর যে অবস্থা তাতে তিনি আর বাঁচবেন না। আমি তাঁর মাথার মুকুট ও তাঁর হাতের বাজু খুলে এখানে আমার প্রভু আপনার কাছে নিয়ে আসলাম।”
1:11 এই কথা শুনে দায়ূদ ও তাঁর সংগের লোকেরা নিজেদের কাপড় ছিঁড়লেন।
1:12 শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং সদাপ্রভুর সৈন্যদলের যে সমস্ত ইস্রায়েলীয় যুদ্ধে মারা গেছেন তাঁদের জন্য তাঁরা সন্ধ্যা পর্যন্ত কাঁদতে ও শোক করতে লাগলেন এবং কিছুই খেলেন না।
1:13 যে যুবকটি এই খবর এনেছিল দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথাকার লোক?” উত্তরে সে বলল, “আমি এই দেশে বাসকারী একজন বিদেশী লোকের ছেলে, একজন অমালেকীয়।”
1:14 দায়ূদ তাকে বললেন, “সদাপ্রভুর অভিষেক করা লোককে মেরে ফেলবার জন্য হাত তুলতে তোমার কি একটুও ভয় হল না?”
1:15 দায়ূদ তাঁর একজন লোককে ডেকে বললেন, “তুমি কাছে গিয়ে ওকে মেরে ফেল।” এতে সে তাকে মেরে ফেলল।
1:16 দায়ূদ সেই যুবকটিকে বলেছিলেন, “তোমার মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী, কারণ তোমার মুখের কথাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে যে, সদাপ্রভুর অভিষেক করা লোককে তুমি মেরে ফেলেছ।”
1:17 শৌল ও তাঁর ছেলে যোনাথনের জন্য দায়ূদ তখন এই বিলাপের গানটা গাইতে লাগলেন।
1:18 তিনি আদেশ দিলেন যেন ধনুক নামে এই বিলাপের গানটা যিহূদা-গোষ্ঠীর লোকদের শিখানো হয়। এই গান যাশের নামে একটা বইতে লেখা রয়েছে।
1:19 “হে ইস্রায়েল, যাঁরা তোমার গৌরব তাঁরা তোমার ঐ উঁচু জায়গায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন!
1:20 তোমরা গাতে এই খবর দিয়ো না, আর অস্কিলোনের পথে পথে ঘোষণা কোরো না; তা করলে পলেষ্টীয়দের মেয়েরা আনন্দ করবে, ঐ সুন্নত-না-করানো লোকদের মেয়েরা আমোদ করবে।
1:21 ওহে গিল্বোয়ের পাহাড়শ্রেণী, তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক, তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতও না থাকুক; কারণ ওখানেই তো বীরদের ঢাল অসম্মানিত হয়েছে, শৌলের ঢালে আর তেল মাখানো হচ্ছে না।
1:22 নিহত লোকদের রক্ত আর বীরদের মাংস না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না; তৃপ্ত না হয়ে শৌলের তলোয়ার ফিরে আসত না।
1:23 বেঁচে থাকাকালে শৌল আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন; তাঁরা মরণেও আলাদা হলেন না। তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী, আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।
1:24 হে ইস্রায়েলের মেয়েরা, শৌলের জন্য কাঁদ। তিনি তোমাদের দামী লাল কাপড় পরিয়েছেন, তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছেন।
1:25 হায়, সেই বীরেরা যুদ্ধের মধ্যে কিভাবে ধ্বংস হয়ে গেলেন! ঐ উঁচু জায়গায় যোনাথন মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
1:26 হায় যোনাথন, আমার ভাই! তোমার জন্য আমার বড় দুঃখ। আমার কাছে তুমি কত প্রিয়; আমার জন্য তোমার ভালবাসা ছিল মেয়েদের প্রতি ভালবাসার চেয়েও চমৎকার।
1:27 হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন, আর নষ্ট হয়ে গেল তাঁদের যুদ্ধের অস্ত্রশস্ত্র!”