2 Samuel 22
22:1 সদাপ্রভু যখন দায়ূদকে শৌল ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গান গেয়েছিলেন:
22:2 সদাপ্রভুই আমার উঁচু পাহাড়, আমার দুর্গ ও আমার মুক্তিদাতা;
22:3 আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই। তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান। অত্যাচারী লোকদের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর।
22:4 সদাপ্রভু প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি; তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
22:5 মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছিল, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।
22:6 মৃতস্থানের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।
22:7 আমি এই বিপদে আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে কান্নাকাটি করলাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন; আমার কান্না তাঁর কানে পৌঁছাল।
22:8 তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল আকাশের ভিত্তি; তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।
22:9 তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল, তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল, তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
22:10 তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
22:11 তিনি করূবে চড়ে উড়ে আসলেন, দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
22:12 তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
22:13 তাঁর আলোময় উপস্থিতির সামনে বিদ্যুৎ চম্কে চম্কে উঠতে লাগল।
22:14 সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন; মহান ঈশ্বরের স্বর শোনা গেল।
22:15 তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন আর বিদ্যুৎ চম্কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।
22:16 সদাপ্রভুর ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় সাগরের তলা দেখা গেল, পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।
22:17 তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন, গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন।
22:18 আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন; বাঁচালেন বিপক্ষদের হাত থেকে যাদের শক্তি আমার চেয়েও বেশী।
22:19 বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন।
22:20 তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন; আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই তিনি আমাকে উদ্ধার করলেন।
22:21 আমার ন্যায় কাজ অনুসারেই সদাপ্রভু আমাকে দান করলেন, আমার কাজের শুচিতা অনুসারে পুরস্কার দিলেন;
22:22 কারণ সদাপ্রভুর পথেই আমি চলাফেরা করেছি; মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যাই নি।
22:23 তাঁর সমস্ত আইন-কানুন আমার সামনে রয়েছে; তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।
22:24 তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম, আমি পাপ থেকে দূরে থেকেছি।
22:25 তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেন তাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার শুচিতা অনুসারে।
22:26 তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর, নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
22:27 খাঁটিদের সংগে খাঁটি ব্যবহার কর, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
22:28 তুমি দুঃখীদের রক্ষা করে থাক, আর অহংকারীদের নীচে নামাবার জন্য তোমার চোখ তাদের দিকে আছে।
22:29 হে সদাপ্রভু, তুমিই আমার বাতি; তুমিই আমার অন্ধকারকে আলো করে থাক।
22:30 তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার ঈশ্বরের সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
22:31 ঈশ্বরের পথে কোন খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
22:32 একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে? আমাদের ঈশ্বর ছাড়া আর কি কোন আশ্রয়-পাহাড় আছে?
22:33 ঈশ্বরই আমার শক্ত আশ্রয়; তিনি আমার চলার পথ নিখুঁত করেছেন।
22:34 তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন; সব উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।
22:35 তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।
22:36 হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ; তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।
22:37 তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে উছোট লাগে নি।
22:38 আমার শত্রুদের তাড়া করে আমি তাদের ধ্বংস করেছি; তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।
22:39 আমি তাদের ধ্বংস করেছি, তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে; তারা আমার পায়ের তলায় পড়েছে।
22:40 তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ, আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।
22:41 আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।
22:42 তারা সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা সদাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।
22:43 পৃথিবীর ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি; রাস্তার কাদা-মাটির মত পায়ে মাড়িয়ে আমি তাদের চুরমার করেছি।
22:44 হে সদাপ্রভু, আমার লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, অন্য জাতিদের উপর আমাকে কর্তা হিসাবে রেখেছ; আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
22:45 বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়; আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে।
22:46 তারা নিরাশ হয়ে পড়ে; তারা কাঁপতে কাঁপতে দুর্গ থেকে বের হয়।
22:47 সদাপ্রভু জীবন্ত। আমার আশ্রয়-পাহাড়ের গৌরব হোক। আমার ঈশ্বর, যিনি আমার রক্ষাকারী পাহাড়, তাঁর সম্মান বৃদ্ধি হোক।
22:48 তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেন আর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন।
22:49 তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, অত্যাচারী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
22:50 হে সদাপ্রভু, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার গৌরব প্রকাশ করব আর তোমার সুনাম গাইব।
22:51 সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবার মহাজয় দান করেন; হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি, দায়ূদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।