1 Chronicles 15
15:1 দায়ূদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন।
15:2 তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই বেছে নিয়েছেন।”
15:3 সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের এক জায়গায় জড়ো করলেন।
15:4 তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন:
15:5 কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং আরও একশো বিশজন লোক;
15:6 মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং আরও দু’শো বিশজন লোক;
15:7 গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং আরও একশো ত্রিশজন লোক;
15:8 ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং আরও দু’শো জন লোক;
15:9 হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং আরও আশিজন লোক;
15:10 উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং আরও একশো বারোজন লোক।
15:11 তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন।
15:12 তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন।
15:13 প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
15:14 এতে পুরোহিতেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন।
15:15 সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।
15:16 দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন।
15:17 কাজেই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী-ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন।
15:18 তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর পুরোহিতদের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার।
15:19 ব্রোঞ্জের করতাল বাজাবার ভার পড়ল গায়ক হেমন, আসফ ও এথনের উপর।
15:20 উঁচু সুরে বীণা বাজাবার ভার পড়ল সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর।
15:21 নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর।
15:22 গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল।
15:23 সিন্দুকটি পাহারা দেবার ভার পড়ল বেরিখিয়, ইল্কানা, ওবেদ-ইদোম ও যিহিয়ের উপর। ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল পুরোহিত শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর।
15:25 এর পরে দায়ূদ, ইস্রায়েলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা-সিন্দুকটি আনবার জন্য গেলেন।
15:26 যে লেবীয়েরা সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করা হল।
15:27 সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন।
15:28 এইভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।
15:29 সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি দায়ূদ-শহরে ঢুকবার সময় শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।