Library · bn

Ezra 8

8:1 রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে যে সব বংশ-নেতারা আমার সংগে বাবিল থেকে ফিরে এসেছিলেন তাঁদের তালিকা: 8:2 পীনহসের বংশের মধ্যে গের্শোম; ঈথামরের বংশের মধ্যে দানিয়েল; দায়ূদের বংশের মধ্যে শখনিয়ের বংশধর হটূশ; 8:3 পরোশের বংশের মধ্যে সখরিয় এবং তাঁর সংগে তালিকায় নাম লেখা একশো পঞ্চাশ জন; 8:4 পহৎ-মোয়াবের বংশের মধ্যে সরহিয়ের ছেলে ইলীহৈনয় ও তাঁর সংগেকার দু’শো জন; 8:5 সত্তূর বংশের মধ্যে যহসীয়েলের ছেলে শখনিয় ও তাঁর সংগেকার তিনশো জন; 8:6 আদীনের বংশের মধ্যে যোনাথনের ছেলে এবদ ও তাঁর সংগেকার পঞ্চাশজন; 8:7 এলমের বংশের মধ্যে অথলিয়ের ছেলে যিশায়াহ ও তাঁর সংগেকার সত্তরজন; 8:8 শফটিয়ের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সবদিয় ও তাঁর সংগেকার আশিজন; 8:9 যোয়াবের বংশের মধ্যে যিহিয়েলের ছেলে ওবদিয় ও তাঁর সংগেকার দু’শো আঠারো জন; 8:10 বানির বংশের মধ্যে যোষিফিয়ের ছেলে শলোমীত ও তাঁর সংগেকার একশো ষাট জন; 8:11 বেবয়ের বংশের মধ্যে বেবয়ের ছেলে সখরিয় ও তাঁর সংগেকার আটাশজন; 8:12 অস্‌গদের বংশের মধ্যে হকাটনের ছেলে যোহানন ও তাঁর সংগেকার একশো দশ জন; 8:13 অদোনীকামের বংশের মধ্যে যাঁরা শেষে ফিরে এসেছিলেন তাঁদের নাম হল ইলীফেলট, যিয়ূয়েল ও শময়িয় আর তাঁদের সংগেকার ষাটজন; 8:14 বিগ্‌বয়ের বংশের মধ্যে ঊথয় ও সব্বূদ আর তাঁদের সংগেকার সত্তরজন। 8:15 অহবার দিকে বয়ে যাওয়া খালের কাছে আমি এই সব লোকদের একত্র করলাম এবং সেই জায়গায় আমরা তাম্বু ফেলে তিন দিন রইলাম। লোকদের ও পুরোহিতদের মধ্যে খোঁজ করে আমি কোন লেবীয়কে দেখতে পেলাম না। 8:16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্‌নাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম নামে নেতাদের ও যোয়ারীব ও ইল্‌নাথন নামে দু’জন শিক্ষককে ডেকে পাঠালাম। 8:17 এই সব লোকদের আমি কাসিফিয়ায় বাসকারী নেতা ইদ্দো ও তাঁর বংশের উপাসনা-ঘরের সেবাকারীদের কাছে এই কথা বলতে পাঠিয়ে দিলাম, “আপনারা আমাদের ঈশ্বরের ঘরের সেবা-কাজের জন্য আমাদের কাছে লোক নিয়ে আসুন।” 8:18 আমাদের ঈশ্বরের মংগলের হাত আমাদের উপরে ছিল বলে তাঁরা ইস্রায়েলের ছেলে লেবি-গোষ্ঠীর মহলির বংশের মধ্য থেকে শেরেবিয় নামে একজন দক্ষ লোককে এবং তাঁর ছেলেদের ও ভাইদের মোট আঠারোজনকে আমাদের কাছে নিয়ে আসলেন। 8:19 এছাড়া তারা হশবিয়কে এবং মরারির বংশধরদের মধ্য থেকে যিশায়াহ ও তাঁর ভাইদের ও তাঁর ছেলেদের মোট বিশজনকে এবং উপাসনা-ঘরের সেবাকারীদের মধ্যে দু’শো বিশ জনকে নিয়ে আসলেন। দায়ূদ ও তাঁর কর্মচারীরা এই সেবাকারীদের পূর্বপুরুষদের ঠিক করেছিলেন যাতে তারা লেবীয়দের সাহায্য করতে পারেন। এই দু’শো বিশ জনের নাম তালিকায় লেখা হল। 8:21 পরে আমি অহবার খালের কাছে আমাদের জন্য উপবাস ঘোষণা করলাম যাতে আমরা আমাদের ঈশ্বরের সামনে নিজেদের নত করতে পারি এবং আমাদের ছেলেমেয়েদের ও সমস্ত সম্পত্তি নিয়ে নিরাপদে যাত্রা করতে পারি। 8:22 পথে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য রাজার কাছে সৈন্য ও ঘোড়সওয়ার চাইতে আমি লজ্জা পেলাম, কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা ঈশ্বরের ইচ্ছামত চলে তাদের প্রত্যেকের উপরে তাঁর মংগলের হাত আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে তাঁর ক্রোধ ও শাস্তি তাদের সকলের উপর নেমে আসে।” 8:23 কাজেই আমরা উপবাস করলাম এবং এই বিষয় নিয়ে আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ জানালাম, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিলেন। 8:24 তারপর আমি বারোজন প্রধান পুরোহিতকে এবং তাঁদের সংগে শেরেবিয়, হশবিয় ও তাঁদের দশজন লেবীয় ভাইকে আলাদা করলাম। 8:25 আমি তাঁদের কাছে সেই সব সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে বের করে দিলাম যা রাজা ও তাঁর পরামর্শদাতারা, কর্মচারীরা এবং সেখানে উপস্থিত সব ইস্রায়েলীয়েরা আমাদের ঈশ্বরের ঘরের জন্য দান করেছিলেন। 8:26 আমি তাঁদের কাছে ঊনিশ হাজার পাঁচশো কেজি রূপা, তিন হাজার কেজি রূপার পাত্র ও তিন হাজার কেজি সোনা দিলাম। 8:27 এছাড়া সাড়ে ছয় কেজি ওজনের বিশটা সোনার পাত্র এবং সোনার মত দামী খুব সুন্দর দু’টা পালিশ করা ব্রোঞ্জের পাত্র দিলাম। 8:28 আমি তাঁদের বললাম, “আপনাদের এবং এই সব পাত্রগুলো সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়েছে। এছাড়া এই সব সোনা ও রূপা আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিজের ইচ্ছায় করা দান। 8:29 আপনারা যে পর্যন্ত না এগুলো যিরূশালেমে সদাপ্রভুর ঘরের ভাণ্ডার-ঘরে প্রধান পুরোহিতদের, লেবীয়দের এবং ইস্রায়েলের বংশ-নেতাদের সামনে ওজন করে দেন সেই পর্যন্ত তা সাবধানে রক্ষা করবেন।” 8:30 এর পর পুরোহিতেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের ঘরে নিয়ে যাবার জন্য ওজন করা সোনা, রূপা এবং পাত্র গ্রহণ করলেন। 8:31 প্রথম মাসের বারো দিনের দিন আমরা যিরূশালেমে যাবার জন্য অহবা খালের কাছ থেকে যাত্রা করলাম। আমাদের ঈশ্বরের হাত আমাদের উপরে ছিল এবং তিনি পথের মধ্যে শত্রু ও ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করলেন। 8:32 এইভাবে আমরা যিরূশালেমে পৌঁছে তিন দিন সেখানে বিশ্রাম নিলাম। 8:33 তারপর চতুর্থ দিনের দিন আমরা আমাদের ঈশ্বরের ঘরের মধ্যে সেই সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে পুরোহিত ঊরিয়ের ছেলে মরেমোতের হাতে দিলাম। মরেমোতের সংগে ছিলেন পীনহসের বংশধর ইলীয়াসর এবং তাঁদের সংগে ছিলেন যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নুয়ির ছেলে নোয়দিয়। এঁরা দু’জনেই ছিলেন লেবীয়। 8:34 সমস্ত জিনিসই গুণে আর ওজন করে দেওয়া হল এবং সেই সময় সেগুলোর সংখ্যা আর ওজন লিখে রাখা হল। 8:35 বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল। তারা গোটা ইস্রায়েল জাতির জন্য বারোটা ষাঁড়, ছিয়ানব্বইটা ভেড়া, সাতাত্তরটা ভেড়ার বাচ্চা এবং পাপ-উৎসর্গের জন্য বারোটা ছাগল দিল। এই সবই সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ হিসাবে দেওয়া হল। 8:36 তারা ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশগুলোর ও জেলার শাসনকর্তাদের কাছে রাজার আদেশ পৌঁছে দিল। সেই আদেশ পেয়ে তাঁরা লোকদের সহযোগিতা করলেন এবং ঈশ্বরের ঘরের কাজেও সহযোগিতা করলেন।