Job 26
26:1 তখন উত্তরে ইয়োব বললেন,
26:2 “তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলে আর দুর্বলকে এ কেমন রক্ষা করলে?
26:3 জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলে আর মহাজ্ঞান প্রকাশ করলে?
26:4 তুমি কার সাহায্যে এই সব কথা বলছ? কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে?
26:5 “মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে; তারা কাঁপছে জলের নীচে আর জলে বাসকারীদের নীচে।
26:6 ঈশ্বরের সামনে মৃতস্থান ঢাকা নেই; ধ্বংসের স্থান খোলাই রয়েছে।
26:7 তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন; শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
26:8 তাঁর মেঘের মধ্যে তিনি জল আট্কে রাখেন, কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।
26:9 তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন, তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন।
26:10 আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয় সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।
26:11 আকাশের থামগুলো কেঁপে ওঠে, তাঁর বকুনিতে সেগুলো চম্কে ওঠে।
26:12 তিনি নিজের শক্তিতে সমুদ্রকে তোলপাড় করেন; তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন।
26:13 তাঁর নিঃশ্বাসে আকাশ পরিষ্কার হয়; তাঁর হাত পালিয়ে যাওয়া সাপকে বিদ্ধ করে।
26:14 এই সবই তাঁর কাজের মাত্র একটুখানি প্রকাশ, আমরা তাঁর বিষয়ে কেবল একটুখানি ফিস্ফিসানি শুনতে পাই; তাঁর শক্তির গর্জন কে বুঝতে পারে?”