Psalms 1
1:1 ধন্য সেই লোক, যে দুষ্টদের পরামর্শমত চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা-বিদ্রূপ কারীদের আড্ডায় বসে না;
1:2 বরং সদাপ্রভুর আইন-কানুনেই তার আনন্দ, আর সেটিই তার দিনরাতের ধ্যান।
1:3 সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা সময়মত ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না; সে সব কাজেই সফলতা লাভ করে।
1:4 কিন্তু দুষ্টেরা সেরকম নয়; তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।
1:5 এইজন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না, পাপীরা ঈশ্বরভক্তদের দলে টিকে থাকতে পারবে না;
1:6 কারণ ঈশ্বরভক্তদের চলার পথের উপর সদাপ্রভুর খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।