Psalms 11
11:1 আমি তো সদাপ্রভুর মধ্যেই আশ্রয় নিয়েছি। তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”?
11:2 কেন বলছ, “অন্তরে যারা খাঁটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে”?
11:3 কেন বলছ, “যদি জগৎ-সংসারের সব ভিত্তিই ভেংগে ফেলা হয় তবে ঈশ্বরভক্তদের করবার আর কিছুই নেই”?
11:4 কিন্তু সদাপ্রভু স্বর্গে তাঁর পবিত্র বাসস্থানে আছেন; তাঁর সিংহাসন সেখানেই রয়েছে। তিনি মানুষকে লক্ষ্য করেন; তাঁর চোখ তাদের যাচাই করে।
11:5 সদাপ্রভু তাঁর ভক্তদের যাচাই করে দেখান, কিন্তু যারা দুষ্ট এবং অত্যাচার ভালবাসে তাদের তিনি অগ্রাহ্য করেন।
11:6 তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন; তাদের ভাগ্যে রয়েছে আগুন, জ্বলন্ত গন্ধক আর আগুনের মত বাতাস।
11:7 সদাপ্রভু ন্যায়বান বলেই ন্যায়ের কাজ তিনি ভালবাসেন; যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।