Psalms 118
118:1 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়; তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।
118:2 ইস্রায়েলীয়েরা বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
118:3 হারোণের বংশ বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
118:4 সদাপ্রভুর ভক্তেরা বলুক, “তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
118:5 আমি বিপদে পড়ে সদাপ্রভুকে ডাকলাম; তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গায় আমাকে বের করে আনলেন।
118:6 সদাপ্রভু আমার পক্ষে আছেন, আমি ভয় করব না; মানুষ আমার কি করতে পারে?
118:7 আমার সাহায্যকারী হিসাবে সদাপ্রভু আমার পক্ষে আছেন, তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।
118:8 মানুষের উপরে নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
118:9 উঁচু পদের লোকদের উপরে নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
118:10 সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।
118:11 তারা আমাকে ঘিরে ধরেছে, সত্যিই তারা আমাকে ঘিরে ধরেছে, কিন্তু সদাপ্রভুর নামে আমি তাদের শেষ করে দেব।
118:12 মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে; কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে। সদাপ্রভুর নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
118:13 আমি যাতে পড়ে যাই সেজন্য তারা আমাকে ধাক্কা মেরেছিল, কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করলেন।
118:14 সদাপ্রভুই আমার শক্তি, তিনিই আমার গান; তাঁরই মধ্যে রয়েছে আমার উদ্ধার।
118:15 সৎ লোকদের বাড়ীতে উদ্ধারের আনন্দধ্বনি শোনা যায়; সদাপ্রভুর শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
118:16 সদাপ্রভুর শক্তিশালী হাত জয় দান করেছে; সদাপ্রভুর শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
118:17 আমি মরব না, বেঁচে থাকব, আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।
118:18 সদাপ্রভু আমাকে কড়া শাসন করেছেন, কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।
118:19 আমাকে ন্যায়বান সদাপ্রভুর ঘরের দরজা খুলে দাও, যেন আমি সেখানে ঢুকে তাঁর ধন্যবাদ করতে পারি।
118:20 এই তো সদাপ্রভুর ঘরের দরজা; এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।
118:21 আমি তোমাকে ধন্যবাদ জানাব, কারণ তুমি আমার কথা শুনেছ; আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
118:22 রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
118:23 সদাপ্রভুই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে।
118:24 এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন; এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।
118:25 হে সদাপ্রভু, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর; হে সদাপ্রভু, মিনতি করি সফলতা দান কর।
118:26 যিনি সদাপ্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক। সদাপ্রভুর ঘর থেকে আমরা তোমাদের আশীর্বাদ করছি।
118:27 সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদের আলো দিয়েছেন। পর্বের উৎসর্গের পশু তোমরা দড়ি দিয়ে বেদীর শিংয়ে বেঁধে দাও।
118:28 তুমিই আমার ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাব; তুমিই আমার ঈশ্বর, আমি তোমার গৌরব করব।
118:29 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়; তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।