Psalms 144
144:1 সদাপ্রভুর গৌরব হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়; তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন, আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে।
144:2 তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ, আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা; তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন।
144:3 হে সদাপ্রভু, মানুষ এমন কি যে, তার দিকে তুমি খেয়াল কর? মানুষের সন্তানই বা কি যে, তার দিকে তুমি মনোযোগ দাও?
144:4 মানুষ তো নিঃশ্বাস মাত্র; তার দিনগুলো সরে যাওয়া ছায়ার মত।
144:5 হে সদাপ্রভু, তোমার আকাশ নুইয়ে তুমি নেমে এস; তুমি পাহাড়-পর্বত ছোঁও যাতে সেগুলো থেকে ধূমা বের হয়।
144:6 তুমি বিদ্যুৎ পাঠিয়ে শত্রুদের ছড়িয়ে দাও; তোমার তীর ছুঁড়ে তাদের বিশৃঙ্খল করে দাও।
144:7 তুমি উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; তুমি আমাকে রক্ষা কর, বন্যার হাত থেকে, হ্যাঁ, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও।
144:8 তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা শপথ করে।
144:9 হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে নতুন গান গাইব; দশতারা বাজিয়ে আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব।
144:10 তুমি তো রাজাদের জয় দান করে থাক; তোমার দাস দায়ূদকে সর্বনাশা তলোয়ারের হাত থেকে রক্ষা করে থাক।
144:11 আমাকে রক্ষা কর, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও; তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা শপথ করে।
144:12 আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে, আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়।
144:13 আমাদের গোলাঘরগুলো যেন সব রকম খাবারে ভরা থাকে; আমাদের ভেড়াগুলো যেন মাঠের মধ্যে হাজারে হাজারে, লাখে লাখে বাচ্চা দেয়।
144:14 আমাদের বলদগুলো যেন ভারী ভারী বোঝা টানতে পারে; আমাদের দেয়ালে যেন ফাটল না ধরে, কেউ যেন বন্দী না হয়, রাস্তায় রাস্তায় যেন দুঃখের কান্নার শব্দ না ওঠে।
144:15 ধন্য সেই জাতি, যার অবস্থা এরকম হয়। ধন্য সেই জাতি, সদাপ্রভু যার ঈশ্বর।