Psalms 33
33:1 হে ঈশ্বরভক্ত লোকেরা, সদাপ্রভুর বিষয় নিয়ে তোমরা আনন্দ-গান কর; তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ।
33:2 বীণা বাজিয়ে সদাপ্রভুকে ধন্যবাদ দাও; তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও।
33:3 তাঁর উদ্দেশে নতুন গান গাও, পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর।
33:4 সদাপ্রভুর বাক্য সত্য, তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
33:5 সদাপ্রভু ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন; সারা পৃথিবী জুড়ে আছে তাঁর অটল ভালবাসা।
33:6 সদাপ্রভুর কথায় মহাকাশ তৈরী হয়েছে; তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
33:7 তিনি সমুদ্রের জল জড়ো করে ঢিবি করেন, আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর জল রাখেন।
33:8 পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক, জগতের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
33:9 কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল; তিনি আদেশ দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
33:10 সব জাতির পরিকল্পনা সদাপ্রভুই অকেজো করেন; তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
33:11 কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে; তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।
33:12 ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু; সেই লোকেরা ধন্য, যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।
33:13 সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেন আর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।
33:14 যারা পৃথিবীতে বাস করে তাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।
33:15 সকলের অন্তর তিনিই গড়েন; তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন।
33:16 বড় সৈন্যদল থাকলেও কোন রাজা তা দিয়ে রক্ষা পেতে পারে না; মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না।
33:17 রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা; মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।
33:18 কিন্তু সদাপ্রভুর প্রতি যাদের ভক্তিপূর্ণ ভয় আছে, যারা তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে, তাদের উপর তাঁর নজর রয়েছে;
33:19 যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেন আর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন।
33:20 আমরা সদাপ্রভুর জন্য অপেক্ষা করছি; তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল।
33:21 হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের অন্তরের আনন্দ, কারণ আমরা তাঁর পবিত্রতার উপর নির্ভর করি।
33:22 হে সদাপ্রভু, আমাদের উপরে তোমার ভালবাসা থাকুক, কারণ আমরা তোমার উপরেই আমাদের আশা রেখেছি।