Psalms 62
62:1 আমার অন্তর নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করছে, কারণ তিনিই আমার উদ্ধারকর্তা।
62:2 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার দুর্গ, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
62:3 আর কতদিন একজন মানুষের উপর তোমাদের এই সব আক্রমণ চলবে, যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করে তোমরা সবাই তাকে শেষ করে দিতে পার?
62:4 তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই তাদের একমাত্র মতলব; মিথ্যা কথাতেই তাদের আনন্দ। মুখেই তারা আশীর্বাদ করে কিন্তু অন্তরে অভিশাপ দেয়। [সেলা]
62:5 হে আমার অন্তর, তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা কর, কারণ তিনিই তোমাকে আশা দান করেন।
62:6 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার দুর্গ, আমি স্থির থাকব।
62:7 আমার উদ্ধার ও মান-সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে; ঈশ্বরই আমার শক্তি, আমার উঁচু পাহাড়, তিনিই আমার আশ্রয়স্থান।
62:8 হে আমার লোকেরা, ঈশ্বরই আমাদের আশ্রয়; তোমরা সব সময় তাঁর উপরে নির্ভর কর, তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা]
62:9 সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র, আর উপরের লোকেরা অসার; দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
62:10 তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর নির্ভর কোরো না; জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না; বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
62:11 সব শক্তি ঈশ্বরেরই হাতে- এ কথা তিনি অনেকবার বলেছেন, আর আমিও তা অনেকবার শুনেছি।
62:12 হে প্রভু, তোমারই মধ্যে অটল ভালবাসা রয়েছে; তুমিই প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাক।