Psalms 64
64:1 হে ঈশ্বর, তুমি আমার নালিশের কথা শোন; তুমি শত্রুর ভয় থেকে আমার প্রাণ বাঁচাও।
64:2 দুষ্টদের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও; যারা মন্দ কাজ করে বেড়ায় সেই লোকদের চেঁচামেচি থেকে আমাকে বাঁচাও।
64:3 তারা যেন তলোয়ারের মত করে জিভে শান দিয়ে রেখেছে, তাদের তেতো কথার তীর ধনুকে লাগিয়ে রেখেছে;
64:4 যাতে গোপন জায়গা থেকে নির্দোষ লোকের দিকে সেই তীর তারা ছুঁড়তে পারে; তারা হঠাৎ তা ছোঁড়ে, ভয় করে না।
64:5 তাদের মন্দ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়, আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে; তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
64:6 তারা অন্যায় করার মতলব এঁটে বলে, “আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।” সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার নাগাল পাওয়া যায় না।
64:7 কিন্তু ঈশ্বর তাদের উপর তীর ছুঁড়বেন; হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।
64:8 তাদের জিভ্ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে; তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
64:9 তখন সকলের মনে ভয় জাগবে; ঈশ্বর যা করেছেন তারা তা ঘোষণা করবে আর সেই কথা ভাববে।
64:10 ঈশ্বরভক্ত লোকেরা সদাপ্রভুকে নিয়ে আনন্দ করবে এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে; অন্তরে যারা সৎ তারা তাঁর গৌরব করবে।