Psalms 67
67:1 হে ঈশ্বর, তুমি আমাদের দয়া কর ও আশীর্বাদ কর; তোমার দয়া আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
67:2 যেন পৃথিবীর সবাই তোমার পথ জানতে পারে এবং সমস্ত জাতি তোমার দেওয়া উদ্ধার পেয়ে তা কাজে লাগাতে পারে।
67:3 হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক; সমস্ত জাতিই তা করুক।
67:4 জাতিরা খুশী হোক ও আনন্দ-গান করুক, কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে আর এই পৃথিবীতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
67:5 হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক; সমস্ত জাতিই তা করুক।
67:6 জমি তার ফসল দিয়েছে; ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করেছেন।
67:7 ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন; তা দেখে পৃথিবীর সবচেয়ে দূরের দেশের লোকেরাও তাঁর ভক্ত হবে।