Library · bn

Psalms 89

89:1 আমি চিরকাল সদাপ্রভুর অটল ভালবাসার গান গাইব; বংশের পর বংশ ধরে সকলের সামনে তোমার বিশ্বস্ততার কথা জানাব। 89:2 আমি ঘোষণা করব যে, তোমার ভালবাসার কাজ চিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে; তোমার বিশ্বস্ততা স্বর্গেই তুমি স্থাপন করছ। 89:3 তুমি বলেছ, “আমার বাছাই করা লোকের জন্য আমি একটা ব্যবস্থা স্থাপন করেছি; আমার দাস দায়ূদের কাছে আমি এই শপথ করেছি, 89:4 ‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব; বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা] 89:5 হে সদাপ্রভু, স্বর্গের সব কিছু তোমার সুন্দর মহান কাজের গুণগান করে, পবিত্র দূতদের মধ্যে তোমার বিশ্বস্ততার গৌরব করে। 89:6 স্বর্গের মধ্যে এমন কে আছে যাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়? স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান? 89:7 পবিত্র দূতদের সভায় সকলে ঈশ্বরকে ভয় ও ভক্তি করে; তাঁর চারপাশের সকলের চেয়ে তিনিই বেশী ভক্তিপূর্ণ ভয় জাগান। 89:8 হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর, কে আছে তোমার মত শক্তিমান, হে সদাপ্রভু? তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে। 89:9 ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে; তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর। 89:10 তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ; তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ। 89:11 মহাকাশ তোমার, জগৎও তোমার; এই পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ। 89:12 উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি; তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের গান করে। 89:13 তোমার হাত ক্ষমতায় ভরা; তোমার হাতে রয়েছে শক্তি, তোমার ডান হাতের শক্তির তুলনা নেই। 89:14 সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে; ভালবাসা ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। 89:15 ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে; হে সদাপ্রভু, তারা তোমার দয়ার দৃষ্টির আলোতে চলাফেরা করে। 89:16 সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ; তোমার সততা তাদের উঁচুতে তোলে। 89:17 তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য; তোমার দয়াই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে। 89:18 আমাদের রাজাকে ইস্রায়েলের সেই পবিত্রজন নিযুক্ত করেছেন; আমাদের সেই ঢাল সদাপ্রভুরই নিযুক্ত। 89:19 একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে, “আমি এক বীরকে সাহায্য করেছি; লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি। 89:20 আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি; আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি। 89:21 আমার শক্তির হাত তার সংগে থাকবে; আমার হাতই তাকে শক্তি দান করবে। 89:22 কোন শত্রু তার উপরে উঠতে পারবে না; কোন দুষ্ট লোক তাকে অত্যাচার করতে পারবে না। 89:23 তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলব আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব। 89:24 আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে; আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে। 89:25 আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব। 89:26 সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা, আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়।’ 89:27 আমিও তাকে আমার প্রথম সন্তান করব; পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব। 89:28 চিরকাল তার প্রতি আমার ভালবাসা থাকবে; তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে। 89:29 আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব; যতদিন আকাশ থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে। 89:30 তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায় আর আমার আইন-কানুন মেনে না চলে, 89:31 যদি তারা আমার নিয়ম অমান্য করে আর আমার আদেশ পালন না করে, 89:32 তবে বেত মেরে আমি তাদের পাপের শাস্তি দেব, তাদের অন্যায়ের শাস্তি দেব। 89:33 কিন্তু আমার অটল ভালবাসা আমি তার উপর থেকে তুলে নেব না; আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না। 89:34 আমার স্থাপন করা ব্যবস্থা আমি খেলাপ করব না; আমার মুখ যা বলেছে তা বদলাব না। 89:35 আমার পবিত্রতার শপথ করে আমি একবারই বলে রেখেছি- আমি দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না; 89:36 তার বংশ চিরকাল থাকবে; তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে। 89:37 আকাশের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মত তা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা] 89:38 কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ; তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ। 89:39 তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছ তা তুমি পায়ে মাড়িয়েছ; তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ। 89:40 তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ; তাঁর সব দুর্গ ধ্বংস করেছ। 89:41 যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে; তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন। 89:42 তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ; তাঁর শত্রুদের আনন্দিত করেছ। 89:43 তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ; তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি। 89:44 তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ; তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ। 89:45 তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ, লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা] 89:46 হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে? আর কতকাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে? 89:47 ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট; কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ! 89:48 কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না? এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? [সেলা] 89:49 হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা? তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথ তুমি দায়ূদের কাছে করেছিলে। 89:50 হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছে তা তুমি মনে করে দেখ; মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমান কেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি। 89:51 হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে; অপমান করেছে তোমার অভিষিক্ত লোককে তাঁর প্রতিটি ব্যাপারে। 89:52 চিরকাল সদাপ্রভুর গৌরব হোক! আমেন, আমেন। চতুর্থ খণ্ড ৎ (90-106)