Library · bn

Psalms 92

92:1 হে সদাপ্রভু, মহান ঈশ্বর, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে তোমাকে ধন্যবাদ দেওয়া, তোমার প্রশংসা-গান করা, সকালে তোমার অটল ভালবাসার কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার! 92:4 হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে; তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব। 92:5 হে সদাপ্রভু, তোমার সব কাজ কেমন মহৎ আর তোমার চিন্তা কত গভীর! 92:6 যার অন্তর অসাড় সে তা জানে না; যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না। 92:7 দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। 92:8 কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল সবার উপরে থাকবে। 92:9 হে সদাপ্রভু, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে; অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে। 92:10 বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মত তুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ; আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে। 92:11 আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি; যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্না আমি নিজের কানে শুনেছি। 92:12 ঈশ্বরভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে; সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে। 92:13 আমাদের ঈশ্বর সদাপ্রভুর বাড়ীতে যাদের লাগানো হয়েছে তারা তাঁরই উঠানে বেড়ে উঠবে। 92:14 শেষ বয়সেও তারা ফল দেবে; তারা সরস ও তাজা হবে। 92:15 তাতে প্রচারিত হবে, সদাপ্রভু ন্যায়বান; তিনিই আমার শক্তি, তাঁর মধ্যে কোন অন্যায় নেই।