Library · bn

Proverbs 19

19:1 যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলে তার চেয়ে সেই গরীব লোকটি ভাল যে সততায় চলাফেরা করে। 19:2 আবার জ্ঞানহীন হওয়াও ভাল নয়; যে লোক তাড়াহুড়া করে সব কাজ করতে যায় সে ভুল করে। 19:3 মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়, কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে। 19:4 ধন অনেক বন্ধু নিয়ে আসে, কিন্তু তবুও গরীব লোক তার বন্ধু হারায়। 19:5 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে; যে সাক্ষী মিথ্যা কথা বলে সে রেহাই পাবে না। 19:6 উঁচু পদের লোকের দয়া পাবার জন্য অনেকেই তার খোসামোদ করে, আর যে দান করে সবাই তার বন্ধু হয়। 19:7 গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলে তখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরা তার কাছ থেকে দূরে থাকবে; তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না। 19:8 যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে; যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়। 19:9 মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে; যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে। 19:10 বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়, তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়া আরও অনুপযুক্ত। 19:11 যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজে রাগ করতে দেয় না; তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব। 19:12 রাজার রাগ সিংহের গর্জনের মত, কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির। 19:13 বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়, আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত। 19:14 ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে। 19:15 অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে; অলস লোক খিদেয় কষ্ট পায়। 19:16 যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে; কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে। 19:17 যে লোক গরীবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয়; সদাপ্রভুই তার সেই উপকারের প্রতিদান দেবেন। 19:18 তোমার ছেলেকে শাসন কর, কারণ তাতে আশা আছে; তার মৃত্যু ঘটাতে চেয়ো না। 19:19 অতিরিক্ত রাগী লোককে শাস্তি পেতে হবে; তাকে একবার রক্ষা করলে বার বার তা করতে হবে। 19:20 উপদেশে কান দাও, শাসন মেনে চল; পরে তুমি জ্ঞানী হতে পারবে। 19:21 মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তা-ই হবে। 19:22 মানুষ মানুষের কাছ থেকে অটল ভালবাসা পেতে চায়; মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল। 19:23 সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়; যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে, কোন বিপদ তার কাছে আসতে পারে না। 19:24 অলস থালায় হাত ডুবায়; সে হাতটা মুখে তুলতেও চায় না। 19:25 ঠাট্টা-বিদ্রূপ কারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে; বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে। 19:26 যে ছেলে বাবার উপর অত্যাচার করে আর মাকে তাড়িয়ে দেয়, সে তাদের উপর লজ্জা ও অপমান ডেকে নিয়ে আসে। 19:27 ছেলে আমার, যদি তুমি শাসন না মান তবে তুমি জ্ঞানের শিক্ষা থেকে অন্যদিকে সরে যাবে। 19:28 দুষ্ট সাক্ষী ন্যায়বিচার নিয়ে ঠাট্টা করে; দুষ্টেরা অন্যায়ের মধ্যে ডুবে থাকে। 19:29 ঠাট্টা-বিদ্রূপ কারীদের জন্য প্রস্তুত করা হয়েছে শাস্তি, আর বিবেচনাহীনদের পিঠের জন্য রয়েছে চাবুক।